
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ভাষাশহীদদের স্মরণে বিদ্যালয়ের প্রাচীরের বাইরে প্রধান ফটকের উত্তর পাশে ১৯৭৪ সালে একটি শহীদ মিনার নির্মাণ করে। ২০১৩ সালে সেখান থেকে সরিয়ে শহীদ মিনারটি বিদ্যালয়ের মধ্যে নির্মাণ করা হয়। প্রধান শিক্ষকের দপ্তরের দক্ষিণ পাশে নির্মিত শহীদ মিনারটিতে টাইলসও লাগানো হয়। প্রতিবছর ভাষা দিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুদ্ধদেব সরকার আরও বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বিদ্যালয় বন্ধ করে শিক্ষক ও কর্মচারীরা চলে যান। শনিবার সকাল আটটার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক খুলে বিদ্যালয় ঢুকে দেখা যায় শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে এটি ভাঙা হয়েছে যাতে আগামী ২১ ফেব্রুয়ারিতে ভাষা দিবস পালন বাধাগ্রস্ত হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারও নাম উল্লেখ না করে শনিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।