শহীদ মিনারে প্রতিবাদ সভায় বাধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এক আলোকচিত্রীর ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করতে গেলে তাঁদের বেদিতে উঠতে দেওয়া হয়নি। এ ঘটনার প্রতিবাদে সভার অন্যতম অতিথি সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন বক্তব্য দেননি।
গতকাল সোমবার বেলা তিনটায় বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পরিচালক ইমতিয়াজ আলম বেগের ওপর হামলার প্রতিবাদে সভা ডাকে ‘ব্রতী’ নামের একটি সংগঠন। কিন্তু সভা শুরুর আগেই সেখানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার নিয়ে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। তাঁদের বেশির ভাগই ছাত্রলীগের বিভিন্ন হল শাখার কর্মী। শহীদুল্লাহ হল ছাত্রলীগের পদধারী একাধিক নেতাকেও সেখানে দেখা গেছে। তাঁরা শহীদ মিনারের মূল বেদিতে খালি পায়ে উঠে মানববন্ধনের মতো করে দাঁড়িয়েছিলেন।
বেলা সোয়া তিনটার দিকে বেদির নিচের সারিতে ‘এ দেশের জনগণ’ ব্যানার নিয়ে ব্রতীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সভা শুরু করতে গেলে বাধা দেন শিক্ষার্থীরা। নিজেরা আগে কর্মসূচি ডেকেছেন দাবি করে তাঁদের এখান থেকে চলে যেতে বলেন।
সেখানে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে দুই পক্ষ। পরে সংস্কৃতিকর্মীরা ব্যানার নিয়ে সরে আসেন। শহীদ মিনারের দিকে মুখ করে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নেন তাঁরা। বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ঘটনাস্থলে আসেন। প্রক্টর শিক্ষার্থীদের কাছে গিয়ে প্রথমে তাঁদেরকে বুঝিয়ে সরে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা প্রক্টরের কাছে দাবি করেন, পুরো ঘটনা গণমাধ্যমে ভুলভাবে উঠে এসেছে।
যাঁরা প্রক্টরের কাছে এ দাবি করেন, পরে তাঁদের চারজনের কাছে প্রথম আলোর পরিচয় দিয়ে জানতে চাওয়া হয়, তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী কি না। তাঁরা জানান, ফেসবুকে তাঁরা এ রকমটাই শুনেছেন।
প্রক্টরের অনুরোধ না রেখে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। প্রক্টর তাঁদেরকে ১০ মিনিটের মধ্যে শহীদ মিনার এলাকা ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু তাঁরা স্লোগান চালিয়ে যেতে থাকলে একজনকে ধাওয়া দেন প্রক্টর। এর পরও কেউ না সরলে শহীদুল্লাহ হলের এক নেতাকে এক পাশে ডেকে প্রক্টর তাঁকে ছাত্রদের সরিয়ে নিতে বলেন। তাতেও কাজ না হলে প্রক্টর নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে গিয়ে বলেন, ‘আপনারা তো ব্রতীর পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি নিয়েছেন, কিন্তু ব্রতীর ব্যানারে আপনারা আসেননি। তাই আমি জোর দিয়ে আপনাদের পক্ষে কিছু বলতে পারব না।’ জবাবে ব্রতীর নির্বাহী পরিচালক বলেন, ‘অনুমতি নেওয়ার সময় তো একবারও জিজ্ঞেস করেননি ব্রতী কে? ব্রতী কারা? শহীদ মিনারে আমাদের সমাবেশ করার অধিকার আছে। ওরা তো অনুমতি নেয়নি। ওদের সরানো হচ্ছে না কেন?’
বিকেল চারটা ২২ মিনিটে প্রতিবাদ সভায় উপস্থিত হন গণফোরামের সভাপতি, সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন। তাঁকে হাততালি দিয়ে স্বাগত জানান শিল্পী-সমাজকর্মীরা। চারটা ২৭ মিনিটে সংগীতশিল্পী আনুশে আনাদিল একটি লালনগীতি গেয়ে ওঠেন। তাঁর সঙ্গে যোগ দেন অন্যরা। গান চলাকালেই মাইক বসানো হয়। এ সময় আরও কয়েকটি গান গায়।
অপর দিক থেকে শিক্ষার্থীরা সমস্বরে ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানটি গেয়ে ওঠেন। আরও কয়েকটি গান গাওয়ার পর তাঁরা বুকে হাত দিয়ে একসঙ্গে জাতীয় সংগীত গান।
অপর পক্ষেও সে সময় গান চলছিল। কিন্তু জাতীয় সংগীতের সময় তাঁরা ওঠে দাঁড়িয়ে যান ও তাঁদেরকে স্বাগত জানান। মাইকে নিজেরাও জাতীয় সংগীত গান। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে তাঁরা প্রতিবাদ সভা শেষ হওয়ার ঘোষণা দেন। এর আগে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে।’
এ সময় ড. কামাল হোসেনকে বক্তব্য দিতে বলা হলেও তিনি বক্তব্য দেননি। পরে ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় দাবিতে একটি নাগরিক প্ল্যাটফরম তৈরির ঘোষণা দিয়ে সমাবেশ শেষ করেন। শিক্ষার্থীরাও তখন একটি মিছিল বের করেন। একপর্যায়ে এই সমাবেশকে উদ্দেশ করে মিছিল থেকে জুতা প্রদর্শন করেন।
ড. কামাল হোসেন চলে যাওয়ার আগে পুলিশের কয়েকজন কর্মকর্তাকে ডাকেন। শহীদ মিনারকে মুক্তিযুদ্ধের অর্জন উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু থাকলে ওদের আধা মিনিটও সহ্য করা হতো না। লোক পাঠিয়ে দিতেন, গুন্ডাদের এখানে এক মুহূর্তও থাকতে দিতেন না। এখন বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছেন। তার পরও শহীদ মিনারে এসে এটা দেখতে হলো। আমরা আওয়ামী লীগ করি না, কিন্তু বিএনপি-জামায়াতও করি না। আওয়ামী লীগ যখনই বিপদে পড়ে আমি এগিয়ে যাই।’
চারজনকে বহিষ্কার: হামলার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এঁরা হলেন উদ্ভিদবিদ্যা বিভাগের ফারুক হোসেন, গণিত বিভাগের জহিরুল ইসলাম, পদার্থবিজ্ঞানের মাসুম এবং পরিসংখ্যান বিভাগের জিসান। তাঁরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে জানান, চারজনের স্থায়ী ঠিকানা ও পূর্ণ নাম চেয়ে হল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।