শহীদ মিনারের পাশে বিস্ফোরণ, আটক ছাত্রলীগের ১০ জন
যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার পর পুলিশ ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দেওয়া শুরু হয়। এর কিছুক্ষণ পরই পাশের ফাঁকা জায়গায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় শহীদবেদিতে যাওয়া লোকজন আতঙ্কে দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করে। শহীদ মিনারের পাশে থাকা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তখন পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার সময় জেলা প্রশাসক হুমায়ূন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
এই ঘটনার জন্য কারা দায়ী, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না পুলিশ। রাতেই যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান মামলাটি করলেও তাতে কারও নাম উল্লেখ নেই। মামলায় অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়। তবে পুলিশ রাতেই ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।
কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণের ঘটনার পর রাত সাড়ে তিনটার দিকে এমএম কলেজের ছাত্রলীগ নিয়ন্ত্রিত শহীদ আসাদ হলে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ জনকে আটক করা হয়। তাঁরা হলেন ছাত্রলীগের এমএম কলেজ কমিটির সহসভাপতি রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন রনি, উপপ্রচার সম্পাদক তিতাস, ডিগ্রি কোর্স কমিটির আহ্বায়ক মিথুন সরকার, ব্যবস্থাপনা বিভাগ কমিটির সভাপতি রিয়াজ উদ্দীন, ছাত্রলীগ কর্মী শাহিন, জাফর, সুমন, মহিবুর ও মামুন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, অভিযানের সময় আসাদ হল থেকে বোমা তৈরির ১০০ গ্রাম গান পাউডার, রড, জালের কাঠি, জর্দার কৌটা, পিস্তল, বন্দুকের গুলির খোসা ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।
তবে ছাত্রলীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করেন, শহীদ মিনারে পুলিশের সামনেই সন্ত্রাসীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের ধরার পরও ছেড়ে দিয়েছে। পরে আসাদ হলে অভিযানের নাটক সাজিয়ে তারা ছাত্রলীগের নিরীহ ছেলেদের ধরেছে। অভিযানকালে কোনো ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়নি বলেও দাবি করেন তিনি।
যশোর জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর শাফিন মাহমুদ প্রথম আলোকে বলেন, শহীদ মিনারের পাশে দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা কারা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।