শহীদদের গণকবর উচ্ছেদ করে মাঠ সম্প্রসারণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনের জামিলনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের ‘গণকবর’ উচ্ছেদ করে আবাসন প্রকল্পের খেলার মাঠ সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণকবরটি নিশ্চিহ্ন করার চক্রান্ত বন্ধ করে তা সংরক্ষণের জন্য বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করেন, গণকবরটি উচ্ছেদ করে সেখানে খেলার মাঠ সম্প্রসারণ করার চক্রান্ত করছেন জামায়াত ও শিবির-সমর্থিত প্লট মালিকেরা। তবে প্লট মালিকেরা দাবি করেন, জান-ই-সাবা হাউজিং কর্তৃপক্ষই শহীদদের কবর উচ্ছেদ করে সেখানে খেলার মাঠ করতে চায়। প্লট মালিকেরা কবরস্থান উচ্ছেদের বিপক্ষে।
হাউজিং কর্তৃপক্ষ, শহীদদের স্বজন, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামিলনগর এলাকায় যেখানে জান-ই-সাবা হাউজিং গড়ে তোলা হয়েছে সেখানে একসময় জামিল সোপ ফ্যাক্টারি ও ভার্জেনিয়া টোবাকোর কারখানা ছিল। ১৯৭১ সালে কারখানা এলাকায় হানা দিয়ে পাকিস্তানি বাহিনী জামিলনগর মসজিদের ইমাম হাফেজ হোসেন আহমেদসহ ১৩ জনকে গুলি করে হত্যা করে। পরে এসব শহীদকে গণকবর দেওয়া হয়। বর্তমানে কারখানার পরিত্যক্ত জায়গায় গড়ে তোলা হয়েছে জান-ই-সাবা হাউজিং। আবাসন প্রকল্পে এখনো গণকবরটির কিছু অংশ বিদ্যমান।
বগুড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালার উদ্যোক্তা ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান বলেন, ‘বগুড়ায় একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে গিয়ে গণকবরটির সন্ধান পাই। মুক্তিযুদ্ধভিত্তিক অনেক লেখাতেও গণকবরটি সংরক্ষণের কথা বলেছিলাম। কিন্তু একটি অশুভশক্তির কাছে গণকবরটি নিশ্চিহ্ন হতে চলেছে।’
ন্যাপ (ভাসানী)-সিপিবির বিশেষ গেরিলা বাহিনীর যুদ্ধকালীন সমন্বয়ক ও মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক বলেন, জামিল কারখানার গণকবরটি একাত্তরের গণহত্যার সাক্ষী। কারণ, ওই গণহত্যা ছিল ২৫ মার্চের সম্মুখযুদ্ধে বাঙালি যোদ্ধাদের কাছে পরাজয়ের প্রতিশোধ। ওই যুদ্ধে সরকারি আজিজুল হক কলেজের সামনে প্রতিরোধ গড়েছিলেন ছাত্র ইউনিয়নের কর্মী ইব্রাহীম হোসেন। ২৫ এপ্রিল পাকিস্তানি বাহিনী বগুড়া দখল করে গণহত্যা শুরু করে। তারা ৩ মে জামিল গ্রুপের কারখানা এলাকায় হানা দিয়ে ইব্রাহীম হোসেনের বাবা ও জামিল মসজিদের ইমাম হাফেজ হোসেন আহমেদসহ ১৩ জনকে ডেকে নিয়ে হত্যা করে।
লন্ডনপ্রবাসী ইব্রাহীম হোসেন সম্প্রতি দেশে এসেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার পর জামিল কারখানা এলাকায় বাবাসহ ১৩ জনের কঙ্কাল পাওয়া যায়। পরে সেখানে তাঁদের গণবকর দেওয়া হয়। গণকবর সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে তখন থেকেই দাবি জানিয়ে আসছি। উল্টো গণকবরটি উচ্ছেদ করে সেখানে আবাসন প্রকল্পের খেলার মাঠ সম্প্রসারণের চেষ্টা চালানো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই আবাসন প্রকল্পে প্লট ক্রেতাদের বেশির ভাগই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। আবাসন প্রকল্পের নকশায় কবরস্থানের বিষয়টি উল্লেখ করে তা পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়। কিন্তু প্লট ক্রেতাদের সংগঠন জান-ই-সাবা হাউজিং সোসাইটির নেতারা গণকবরটি উচ্ছেদে উঠেপড়ে লেগেছেন। তাঁরা একাত্তরের শহীদদের স্মৃতি সেখান থেকে নিশ্চিহ্ন করতে চাইছেন বলে খোঁজ নিয়ে জেনেছি।’
তবে জান-ই-সাবা হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘শহীদদের কবর উচ্ছেদ করে সেখানে খেলার মাঠ সম্প্রসারণের জন্য তৎপরতা চালাচ্ছে জান-ই-সাবা হাউজিং কর্তৃপক্ষ। তারা কবরস্থানটিকে খেলার মাঠ দেখিয়ে পৌরসভায় নকশা অনুমোদনের চেষ্টা চালাচ্ছে। আমরা শহীদদের কবর নিশ্চিহ্ন করার বিপক্ষে। কবরস্থানকে খেলার মাঠ করার বিরোধিতা করে আমরা গত ২৫ ফেব্রুয়ারি আদালতে হাউজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
জান-ই-সাবা হাউজিংয়ের ব্যবস্থাপক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আশির দশকে জামিল কারখানার একটি পরিত্যক্ত গুদাম সংস্কার করতে গিয়ে মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়েছিল। এসব হাড়গোড় একাত্তরের নিখোঁজ মানুষের ভেবে তা স্থানান্তর করে দুই-তিনটি কবর দেওয়া হয়েছিল। আবাসন প্রকল্পের মূল নকশায় ৮ শতক খেলার মাঠ ও কবরস্থান আলাদা রাখা হয়েছে। হাউজিং কর্তৃপক্ষের কবর উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রুহুল আমিন বলেন, গণকবরটি একাত্তরের মুক্তিযুদ্ধের অনন্য সাক্ষী। এটি সংরক্ষণের জন্য জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। তবে এটা গণকবর কি না, তা নথি দেখে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’