শহীদস্মৃতি মুছে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের তিন শহীদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে বগুড়া জেলা পরিষদ ও বগুড়া পৌরসভার বিরুদ্ধে। এর মধ্যে বগুড়া জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন শহরের সাতমাথা-সংলগ্ন শহীদ মাসুদ মিলনায়তনের নাম মুছে সেই জায়গায় ইসলামি স্টাডিজ গ্রুপের কার্যালয় নির্মাণ করা হয়েছে।
শহরের এডওয়ার্ড পার্কসংলগ্ন এলাকায় শহীদ টিটু মিলনায়তনের নাম থেকে ‘শহীদ’ শব্দটি মুছে দিয়েছে বগুড়া পৌরসভা। একইভাবে শহীদ আজাদ স্কুলের নাম পাল্টে ‘প্রি-ক্যাডেট হাইস্কুল’ করার অভিযোগ উঠেছে।
বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কমলা রঞ্জন দাস বলেন, যে জায়গায় শহীদ আজাদ মিলনায়তন থাকার কথা বলা হচ্ছে, ওই জায়গা আপাতত জেলা পরিষদের নিয়ন্ত্রণে নেই। এটি এখন ইসলামি স্টাডিজ গ্রুপের কার্যালয়। লিজ বাতিলের ব্যাপারে উপজেলা ভূমি কার্যালয়ে আপত্তি দিয়েছে জেলা পরিষদ।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, কয়েক বছর আগে মিলনায়তনটি নতুন করে সংস্কার করার পর সেখানে নামকরণের সাইনবোর্ড টাঙাতে গিয়ে ভুলক্রমে ‘শহীদ’ শব্দটি বাদ পড়ে। শিগগিরই সেখানে ‘শহীদ টিটু মিলনায়তন’ সাইনবোর্ড টাঙানো হবে বলে জানান মেয়র। শহীদ আজাদ স্কুলের নাম মুছে ফেলার বিষয়ে মেয়র বলেন, ‘বিদ্যালয়টির নাম কারা পাল্টেছে তা আমার জানা নেই।’
জেলা পরিষদের একটি সূত্র জানিয়েছে, একসময় জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে ছিল জেলা পরিষদ। আশির দশকের শেষ দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে শহীদ মাসুদ মিলনায়তনের জায়গাটি ইসলামি স্টাডিজ গ্রুপকে বন্দোবস্ত দেওয়া হয়। এরপর মিলনায়তন ভেঙে সেখানে কার্যালয় নির্মাণ করে ইসলামি স্টাডিজ গ্রুপ।
শহীদ মাসুদের ভাতিজা ও বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদৎ আলম বলেন, একাত্তর সালের একজন বীর শহীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের নৈতিক দায়িত্ব ছিল জেলা পরিষদের। কিন্তু তারা তা না করে উল্টো শহীদ মাসুদের স্মৃতিচিহ্ন মুছে দিতে মিলনায়তনের জায়গাটি ইসলামি স্টাডিজ গ্রুপকে বন্দোবস্ত দিয়েছে।
একাত্তর সালে বগুড়া জিলা স্কুলের ছাত্র শহীদ আনোয়ারুল হক আজাদের স্মৃতিবিজড়িত শহীদ আজাদ স্কুল থেকেও মুছে ফেলা হয়েছে তাঁর নাম।
১৯৭১ সালের ২৬ মার্চে বগুড়া শহরে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে শহীদ হওয়া আজাদের নামে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রতিষ্ঠা করা হয় শহীদ আজাদ স্কুল। বগুড়া পৌরসভার নিয়ন্ত্রণাধীন থাকা অবস্থায় বিদ্যালয়টির নাম পাল্টে বর্তমানে রাখা হয়েছে প্রি-ক্যাডেট হাইস্কুল।
শহীদ আজাদের ভাই ও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক বলেন, শহীদ আজাদের স্মৃতি ধরে রাখতে কেউ কোনো উদ্যোগ না নেওয়ায় এ নামে যে একজন শহীদ ছিলেন, সেটাই ভুলতে বসেছেন অনেকেই। আগামী দিনে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে অজানাই থেকে যাবে শহীদ আজাদের আত্মত্যাগের কথা।
বগুড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের বলেন, শহীদ আজাদের মতোই একাত্তর সালে বগুড়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে শহীদ হয়েছিলেন বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র টি এম আইয়ুব টিটু।
স্বাধীনতার অনেক পর শহরের এডওয়ার্ড পার্কসংলগ্ন স্থানে নির্মাণ করা হয় শহীদ টিটু মিলনায়তন। কিন্তু বর্তমানে এ মিলনায়তনের নামফলকে ‘শহীদ’ শব্দটি নেই।
শহীদ টিটুর বড় ভাই মুক্তিযোদ্ধা টি এম মুসা পেস্তা বলেন, ‘শহীদ’ শব্দটি মুছে ফেলার মাধ্যমে শহীদ টিটুর আত্মত্যাগের অমর্যাদা করা হচ্ছে। শহীদ শব্দটি যদি ভুলবশতই সেখানে লেখা না হয়ে থাকে, তবে সেই ভুল সংশোধন করতে এতটা বছর লাগার কথা নয় পৌরসভার।