ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হাসপাতালের মর্গে থাকা লাশটির পরিচয় শনাক্ত করেনি কেউ। সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলাও হয়নি। গত বছরের মে মাসে এই পুকুরে ডুবে মারা যান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ হায়দার। তিনি বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে শহীদুল্লাহ্ হলের পুকুরে তাঁরা লাশটি দেখতে পান। শিক্ষার্থীরা শাহবাগ থানায় খবর দেন। থানা থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের জানানো হয়। চারটার দিকে ফায়ার সর্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ছাত্রদের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের না।