শহীদের চাকরির মেয়াদ বাড়াতে ধর্মপুত্র ৩০ লাখ টাকা ঘুষ নেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: শিশির
কার্টুন: শিশির

চাকরির মেয়াদ শেষ হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের কথিত ধর্মপুত্র মাহমুদুল হক ওরফে পলাশকে ৩০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে থেকে যান বিমানের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ। 
সোনা চোরাচালানের মামলায় রিমান্ডে থাকা বিমানের ক্যাপ্টেন শহীদ ও মাহমুদুল হককে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পেয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ক্যাপ্টেন শহীদ ও পলাশসহ পাঁচজনের রিমান্ডের তৃতীয় দিন পার হয়েছে গতকাল শনিবার।
ডিবির সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ক্যাপ্টেন শহীদ জানিয়েছেন, পাইলটদের চাকরির মেয়াদ বাড়াতে তাঁরা বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। একপর্যায়ে ক্যাপ্টেন শহীদের চাকরির মেয়াদ শেষ হয়ে এলে মেয়াদ বাড়ানোর শর্তে তিনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে মামলাটি তুলে নিতে রাজি হন। তার পরও বিষয়টি নিশ্চিত করতে বিমান চেয়ারম্যানের ধর্মপুত্র মাহমুদুলকে ৩০ লাখ টাকা ঘুষ দেন শহীদ।
জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত সূত্রের দাবি, ক্যাপ্টেন শহীদ দাবি করেছেন, ৩০ লাখ টাকা পাইলট অ্যাসোসিয়েশনের দেওয়ার কথা থাকলেও ওই টাকা পলাশকে তিনি ব্যক্তিগতভাবে দেন। মাহমুদুলও টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি সূত্রের।
বিমানের চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কের কারণে মাহমুদুল বিমানের নিয়োগ, বদলি ও পদোন্নতি নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট বিভাগের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তাকে দীর্ঘদিন একই পদে বহাল রেখেছেন। ঘুষ নিয়ে বিমানের একজন পরিচালকের চাকরির মেয়াদও এক বছর বাড়ানোর ব্যবস্থা করেন মাহমুদুল।
ডিবির সূত্র দাবি করছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, গত পবিত্র ঈদুল আজহার আগে বিমানের ১৫০ জন কেবিন ক্রু নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে ডিজিএম এমদাদের মাধ্যমে অধিকাংশ প্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা করে ঘুষ নেন মাহমুদুল। গ্রেপ্তার ডিজিএমসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ টাকার ভাগ পান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার জড়িত থাকার তথ্য পেয়েছে বলেও দাবি করেছে ডিবি। এঁরা ডিজিএম এমদাদের ওপরের পদে কাজ করছেন। এঁদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। এই কর্মকর্তারা জানান, বিমানের ডেপুটি চিফ অব ট্রেনিং নজরুল শামীম দেশের বাইরে পালিয়ে গেছেন। এর আগে ডিবির কর্মকর্তারা জানিয়েছিলেন, সোনা চোরাচালানে বিমানের ৬৪ জন কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, রিমান্ডে থাকা ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। সোনা চোরাচালানির ঘটনায় বাংলাদেশ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করার মতো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি।
গতকাল সন্ধ্যায় এ বিষয়ে কথা বলার জন্য বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। তবে তিনি সাড়া দেননি।