শাকিবের আহাজারি, মা তুমি কোথায়?

মাগো তুমি কোথায়? আমাকে নিয়ে যাও। কাঁদতে কাঁদতে এমন আহাজারি করছিল শিশুটি। তার এমন কান্না পুলিশের মনও ছুঁয়ে যায়। তার নাম শাকিব। বাবা ও মায়ের নাম বলতে পারলেও স্থায়ী ঠিকানা বলতে পারে না।
শাকিব জানায়, তার বাবার নাম মৃত আবদুল খালেক। মায়ের নাম রোকেয়া বেগম। সে বলেছে, তার গ্রামের নাম বরগা মুন্সিবাড়ী। জেলা চাঁদপুর। তবে পুলিশ তার স্থায়ী ঠিকানা জানাতে পারেনি। আজ বৃহস্পতিবার শিশুটিকে আদালতে হাজির করে নিরাপদ হেফাজতে রাখার আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর হাকিম নূর নবী শিশুটিকে টঙ্গির কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে।
হেফাজতে রাখার আবেদনকারী দারুস সালাম থানার উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার শিশুটিকে দারুসসালাম এলাকায় পাওয়া যায়। পুরো ঠিকানা বলতে পারে না। তাই নিরাপদ হেফাজতে রাখার জন্য তাকে আদালতে পাঠানো হয়।
আদালত হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, শিশুটির কান্না দেখে খুব খারাপ লেগেছে। সে শুধুই তার মায়ের কাছে যেতে চায়। আদালতের আদেশ অনুযায়ী তাকে টঙ্গির কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
শিশু রাকিব প্রথম আলো বলে, তার গ্রামের বাড়ি চাঁদপুর। মায়ের সঙ্গে সে থাকত। গতকাল বুধবার বেড়ানোর কথা বলে সফিন নামের এক লোক তাকে লঞ্চে করে ঢাকায় আনে। কিন্তু তাকে ফেলে রেখে সেই লোক চলে যায়। এর আগে শিশুটি কখনো ঢাকায় আসেনি।