শাকিলকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র মাহফুজ আলমকে অপহরণ করার পর প্রতিবেশী মো. শাকিলকে আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এক মাস পর অপহৃত মাহফুজের লাশ উদ্ধার করা হয়। তবে এখন পুলিশ সন্দেহভাজন শাকিলকে আর খুঁজে পাচ্ছে না।

২৯ জুলাই দামুড়হুদা শহরের দশমীপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মাহফুজ আলম (১৪) উপজেলা পরিষদ চত্বরের মেলায় গিয়ে নিখোঁজ হয়। মাহফুজ চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। দামুড়হুদা মডেল থানার পুলিশ ওই রাতেই সন্দেহভাজন হিসেবে তাদের প্রতিবেশী মো. শাকিলকে (২৩) আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরদিন মাহফুজের নানা আবদুল হামিদ দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। চারুলিয়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে গত বুধবার শহরের কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ার একটি চার্জার লাইট কারখানার পায়খানার সেপটিক ট্যাংকের ভেতর থেকে মাহফুজের লাশ উদ্ধার করা হয়। থানার পুলিশ ও র‍্যাব বলেছে, লাশ উদ্ধারের স্থান চার্জার লাইট কারখানাটির মালিক আলোকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম ওরফে রাকিব। তিনিই এই অপহরণ ও হত্যা ঘটনার মূল সন্দেহভাজন।

ওই দিন মাহফুজের মামা আবদুল হালিম বাদী হয়ে কারাখানার মালিক রাকিবুল ইসলাম, শাকিলসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক মামলাটি তদন্ত করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত সাত দিনে একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। অন্যদিকে শাকিল নিখোঁজ রয়েছে বলে তাঁর বাবা কাদের আলী ৩০ আগস্ট দামুড়হুদা থানায় একটি জিডি করেছেন।

মামলার বাদী আবদুল হালিম জানান, মাহফুজ অপহরণ হওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করে। তারা মাহফুজের অবস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিতও হয়। দ্রুত উদ্ধার করা হবে বলেও পরিবারকে জানানো হয়। কিন্তু রহস্যজনক কারণে কয়েক দিনের মাথায় পুলিশ তৎপরতা থামিয়ে দেয়। তখন দুর্বৃত্তদের তৎপরতা বেড়ে যায়। তারা মাহফুজের মুক্তিপণ হিসেবে মুঠোফোনে ২০ লাখ টাকা দাবি করে। পুলিশ দায়িত্ব পালন করলে মাহফুজকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।

এদিকে মাহফুজের পরিবারের অভিযোগ, অভিযুক্ত শাকিলকে আটকের পর স্থানীয় আওয়ামী লীগ ও বাজার কমিটির কয়েকজন নেতা তাঁদের হুমকি-ধমকি দিতে থাকেন। তারা শাকিলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দিলে তাদের দেখে নেওয়ার কথাও বলা হয়। ওই নেতাদের চাপে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার আগেই আটকের দুই দিন পর পুলিশ শাকিলকে ছেড়ে দেয়। শাকিলই মেলা থেকে মাহফুজ আলমকে কৌশলে নিয়ে গিয়েছিল বলে তাদের অভিযোগ।

মাহফুজের মা মাহবুবা খাতুন বলেন, শাকিল টাকার লোভে তাঁর ছেলেকে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন, যার প্রমাণ পুলিশ-র‌্যাবের হাতে রয়েছে। পুলিশ শাকিলকে সঠিক জিজ্ঞাসাবাদ করলে ছেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু তাঁকে ছেড়ে দেওয়ায় তাঁদের কত ক্ষতি হয়ে গেল।

শাকিলকে ছেড়ে দেওয়ার বিষয়ে মিজানুর রহমান বলেন, সবকিছুতেই কমবেশি চাপ থাকে। শুধু শাকিল নয়, আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু শাকিলের বিরুদ্ধে মাহফুজের পরিবার থেকে জোরালো অভিযোগ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আবদুল খালেক জানান, শাকিলকে ধরে ছেড়ে দেওয়ার বিষয়টি সম্পর্কে তাঁরা বলতে পারবেন না। তবে তিনি শাকিলসহ সব আসামিকে ধরতে চেষ্টা করছেন।