শাজাহানপুরে জাপা নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে উপজেলা জাতীয় পার্টির (জাপা) সহসভাপতি আমিরুল ইসলাম (২৬) খুন হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আমিরুল ইসলাম শহরতলির শাকপালা সোনারপাড়া এলাকার জাহিদুর রহমানের ছেলে এবং বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির একজন ঠিকাদার।
স্থানীয় বাসিন্দারা গতকাল শনিবার সকালে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘ঘটনার রাতে আমিরুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে অন্য কোনো স্বজনও ছিলেন না। ভোররাতে পাড়ার মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গিয়ে রাস্তায় আমিরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর বুকের বাঁ পাশে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’