শাজাহানপুরে দুর্বৃত্তের হাতে সৈনিক আহত, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের রামদার কোপে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। সার্জেন্ট মিজানুর রহমান (৩৮) নামে ওই সেনাসদস্য বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ সি-ব্লক এলাকায় গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
সি ব্লক এলাকার স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সার্জেন্ট মিজানুর রহমান ভাড়া বাড়িতে থাকতেন। ভোরের দিকে তাঁর বাড়িতে চুরি করতে ঢোকে শহীদুল। চুরির ঘটনা টের পেয়ে সার্জেন্ট মিজানুর ঘরের দরজা খুলে বাইরে এসে চোরকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় হাতে থাকা রাম দা দিয়ে মিজানুরকে কোপ মারে শহীদুল। কোপ লাগে চোয়ালে। এতে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শহীদুল পালিয়ে যায়। খোঁজাখুঁজির পর তাঁকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন।
সূত্র জানায়, মিজানুরকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।