শাজাহানপুরে বাসা থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ এলাকার এক বাসা থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ওই স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার মালিহা (১৪)। সে বংশাল কায়েতটুলি এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। দুই বোনের মধ্যে মালিহা ছিল বড়। গুলবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত মালিহা। শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই ছাত্রীর পরিবার থেকে থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাঁর শিক্ষিকা রিমি আক্তারকে (৫০) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট।

স্বজনদের বরাত দিয়ে ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ১০ থেকে ১২ দিন আগে মালিহার স্কুলের পরীক্ষা শেষ হয়। পরীক্ষার সময় তার ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষিকা রিমি পরীক্ষার খাতা কেড়ে নেন। ওই পরীক্ষায় আশানুরূপ ফল হবে না ভেবে সে কয়েক দিন ধরে বিষণ্নতায় ছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মালিহা। বিষয়টি বুঝতে পেরে স্বজনেরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।