পুলিশ পাহারায় চলাচলরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ধর্মঘটের সমর্থকেরা। শিক্ষার্থীরা বেঞ্চের পাশে শুয়ে রক্ষা পান।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটের সপ্তম দিন গতকাল শনিবার সকালে নগরের ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সাধারণ শিক্ষার্থীদের নামে শিবির ধর্মঘটের নামে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। এই কারণে বেশ কয়েকটি বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি। পাঁচ-ছয়টি বিভাগে স্থগিত করা হয়েছে পূর্বনির্ধারিত পরীক্ষাও। তবে কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শাটল ট্রেন, ডেমু ট্রেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসগুলো পুলিশ পাহারায় চলাচল করেছে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, ষোলশহর থেকে ছেড়ে আসা সকাল পৌনে আটটার টেনটি নগরের আমানবাজার ও চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বেশ কয়েকজন যুবক শাটল ট্রেনের বিভিন্ন বগি লক্ষ্য করে প্রায় ১০-১২টি ককটেল নিক্ষেপ করে। এ সময় ট্রেনে অবস্থানরত রেলওয়ে পুলিশ সদস্যরা চারটি ফাঁকা গুলি ছোড়েন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
ককটেল হামলার সময় শাটল ট্রেনের ভেতরে অবস্থান করা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার্থী মুজিবুল করিম ও ফাহিমা নিশি প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আমরা বেঞ্চের পাশে শুয়ে রক্ষা পাই। যেভাবে প্রতিদিন শাটল ট্রেন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে, তাতে আমাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। এভাবে চলতে থাকলে তো শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসাও বন্ধ করে দেবেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। এসব অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ শাহ জালাল, শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে গত ৩১ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ ধর্মঘট চলছে। ধর্মঘটে প্রায় প্রতিদিন শাটল ট্রেনে ককটেল বিস্ফোরণ ও শিক্ষক পরিবহনে হামলার ঘটনা ঘটছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিবির এই ধর্মঘট করছে বলে অভিযোগ রয়েছে।