শাটল ট্রেনে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন শাটল ট্রেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আন্দোলনকারীরা।
গতকাল সোমবার শাটল ট্রেনকে লক্ষ্য করে দুই দফা হামলা চালানো হয়। এতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির এই নৈরাজ্য চালাচ্ছে অভিযোগ উঠলেও এর সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে আবারও বিবৃতি দিয়ে দাবি করেছে শিবির।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ আগস্ট শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তার আগে গত ১২ জানুয়ারি একই কারণে শাহ আমানত হল বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসব হল খোলার দাবিতে গত রোববার থেকে নির্যাতিত আবাসিক ছাত্রবৃন্দের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়। সকাল নয়টার দিকে শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ষোলশহর স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় আন্দোলনকারীরা। ট্রেনটি চৌধুরীহাট রেলস্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা নয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আহত হন পাঁচ-ছয়জন শিক্ষার্থী। এদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে। ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। তিনি সাধারণ শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
ককটেল বিস্ফোরণে আহত দর্শন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা উদীচী শিল্পগোষ্ঠীর কর্মী প্রীতম দাশ প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনটি চৌধুরীহাট স্টেশন পার করার সঙ্গে সঙ্গেই ট্রেনকে লক্ষ্য করে ১০-১২টি ককটেল ছুড়ে মারা হয়।
এতে ট্রেনের প্রথম বগির টিনের আয়না ভেঙে আমিসহ পাঁচ-ছয়জন আহত হই। আমার নাকে ও চোখে জখম হয়। একই ঘটনায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন কর্মী ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৌরভ সাহা। তাঁর মাথা ও মুখের বিভিন্ন জায়গায় কেটে যায়।’
শাটল ট্রেনে ককটেল হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। এদিকে নির্যাতিত আবাসিক ছাত্রবৃন্দের ব্যানারে শিবিরের কোনো কর্মসূচি দেওয়া হয়নি দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
চবি শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি দেয়নি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। শিবিরের সম্পৃক্ততার কথা তোলা হচ্ছে।’
চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি নষ্ট করতে শিবির ধর্মঘটের নামে বোমাবাজি করছে। সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন।