শাটল ট্রেনের বগিতে আগুন ককটেল নিক্ষেপ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এ নাশকতার ঘটনা ঘটে। আগুন নেভাতে শিক্ষার্থী, স্টেশনের কর্মীসহ আশপাশের লোকজন ছুটে গেলে তাদের লক্ষ্য করেও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এক পোশাককর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নাশকতার পর বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দেওয়া হলে স্টেশনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে রাত ৯টা ৪৭ মিনিটে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়। যদিও ষোলশহর স্টেশন থেকে রাত পৌনে নয়টায় ট্রেনটির ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
ষোলশহর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ফরহাদুজ্জামান প্রথম আলোকে জানান, রাত পৌনে আটটার দিকে শাটল ট্রেনের ১৯০৭ নম্বর বগির একটি আসনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্টেশনের কর্মীরা আগুন নেভাতে যান। এ সময় তাঁদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে তারা। একটি ককটেল ট্রেনের বাইরে বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ট্রেনের বগির ভেতরে পড়ে। পরে পুলিশ বগির ভেতর থেকে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আগুন ধরার আগে ওই আসনে আমরা চার-পাঁচজন বহিরাগত যুবককে আড্ডা দিতে দেখি। পরে আগুন দিয়ে তারা দ্রুত মানুষের ভিড়ে মিশে যায়। এরপর আগুন নেভাতে গেলে আমাদের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে আমরা দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাই।’
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক আরব আলী জানান, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
ঘটনায় আহত মোহাম্মদ সুমনকে (২১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত নয়টায় মেডিকেলে গিয়ে দেখা যায়, তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। ককটেল বিস্ফোরণে সুমনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয় বলে চিকিৎসকেরা জানান।
সুমনের বন্ধু নুরুল আলম প্রথম আলোকে জানান, সুমনের বাসা ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায়। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর রাতে ডিউটি থাকায় কারখানার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, শাটল ট্রেনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ও ট্রেনের রক্ষণাবেক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের আরও উদ্যোগী হওয়া দরকার। এর ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে।