হেডম্যান ও কার্বারি সম্মেলনে বোমাং রাজা
শান্তিপূর্ণ বসবাসের জন্য সন্ত্রাস ও চাঁদাবাজিকে 'না' বলতে হবে
‘শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে সবাইকে একযোগে সন্ত্রাস ও চাঁদাবাজিকে “না” বলতে হবে। যাঁরা না বলবেন না, তাঁদের সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করা উচিত।’
বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু চৌধুরী গতকাল মঙ্গলবার বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারি (পাড়াপ্রধান) সম্মেলনে ওই কথা বলেন। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সেনাবাহিনীর বান্দরবান সদর জোন এর আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান-৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। এতে সভাপতিত্ব করেন বান্দরবান সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন হায়দার। সম্মেলন পরিচালনা করেন একই জোনের উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান।
আয়োজনে হেডম্যান-কার্বারি ছাড়াও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। সম্মেলনে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত হোসেন।
কুহালং ইউপির চেয়ারম্যান সানুপ্রু মারমা তাঁর ইউনিয়নের তাইংখালী ও রাবার বাগান এলাকায় চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।
চিম্বুক পাহাড়ের বসন্তপাড়ার কার্বারি চংরাই ম্রো বলেন, বান্দরবান-চিম্বুক-থানচি সড়ক ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত চিম্বুক পাহাড়ের ওপর দিয়ে গেছে। কিন্তু পরিবহনশ্রমিকেরা যানবাহনে ম্রোদের নিতে চান না। নিলেও চালক ও সহকারীরা তাদের তুচ্ছতাচ্ছিল্য করেন এবং ৫০ টাকার ভাড়া ১৫০-২০০ টাকা নিয়ে থাকেন।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন হায়দার বলেন, অধিগ্রহণ করা জমির ভাড়া আরও কমানো হবে। বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।
বোমাং রাজা উ চ প্রু হেডম্যান-কার্বারিদের উদ্দেশ করে বলেন, ‘আমরা পাহাড়িরা রাজা ও প্রজা সবাই গরিব হলেও ভিক্ষার জন্য হাত পাতার মূল্যবোধ নেই। সেই জন্য প্রত্যেক হেডম্যান-কার্বারিকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। যাঁরা তা করবেন না, তাঁদের হেডম্যান ও কার্বারি পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।’
ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন বলেন, বান্দরবানের উন্নয়নে বাইরের বিনিয়োগকারীদের সুযোগ দিতে হবে। সে জন্য দরকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং সংস্কারমুক্ত খোলা মনমানসিকতা। কিন্তু সবার আগে দরকার শান্তিপূর্ণ পরিবেশ ও সম্প্রীতিপূর্ণ সহাবস্থান। সেনাবাহিনী সে লক্ষ্যেই কাজ করছে।