‘সারা দিন মাঠোত কাজ করিবা হয়। সইন্ধাত চাইট্টা খাবার পরে চোখলা নিন্দোতে মুন্দে আসে। এশার নামাজ পড়ে হানেই নিন্দাবা যাই। ফের ভোরে উঠি।’ দিনাজপুরের বোচাগঞ্জের দৌলা গ্রামের কৃষক একরামুল হক নিজের দৈনন্দিন জীবনের এই চিত্র দিলেন। গ্রামটির বেশির ভাগ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এ রকমই। সবাই সবাইকে চেনেন, সুখে-দুঃখে সবাই সবার পাশে দাঁড়ান।
মানুষের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, শান্তি ছিল গ্রামটিতে। কিন্তু গত সোমবার গ্রামটিতে থাকা দরবারে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর এক নারী মুরিদকে গুলি করে হত্যার ঘটনায় গ্রাম থেকে শান্তি উধাও। ছায়াঘেরা নিভৃত গ্রামটিতে এখন আতঙ্ক, অশান্তি। এর পাশাপাশি মানুষের মনে আছে পুলিশের ভয়।
পুলিশও বলছে, দৌলাসহ ওই অঞ্চলের গ্রামগুলো সত্যিই একেকটি শান্তির গ্রাম। মানুষগুলোও একেবারেই মাটির মানুষ। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান বললেন, সত্যিই বোচাগঞ্জ খুবই শান্তিপূর্ণ এলাকা। বোচাগঞ্জ থানায় মাসে গড়ে চার-পাঁচটি মামলা হয়। এখানকার লোকজন খুব নিরীহ প্রকৃতির।
দৌলা গ্রামে ঘুরে এবং মানুষের সঙ্গে কথা বলেও এমনটিই মনে হলো। দৌলা গ্রামের আলম চৌধুরী বলেন, এ গ্রামেই তাঁর বেড়ে ওঠা। গ্রামে কখনো হত্যাকাণ্ডের কথা শোনেননি। এমনকি চুরি-ডাকাতির মতো অপরাধও গ্রামে খুব একটা হয় না। গ্রামে এত পুলিশও এর আগে কখনো আসেনি।
আলম চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল তাঁর বাড়ির বাইরে গাছতলায় পাতা মাচায় বসে। একসময় তাঁর স্ত্রী সেলিনা পারভীন আসেন সেখানে। সেলিনা বলেন, ওই হত্যাকাণ্ডের পর সবাই আতঙ্কে আছেন। এ রকম শান্ত গ্রামে কাউকে এভাবে খুন করা হতে পারে, তা কোনো দিন তাঁরা ভাবতেও পারেননি। ফরহাদ হোসেন চৌধুরীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী এই দম্পতি। হত্যার কোনো কারণ তাঁরা ভাবতে পারছেন না।
দৌলা গ্রামের বেশির ভাগ মানুষই কৃষিজীবী। পুরুষদের পাশাপাশি অনেক নারীও মাঠে কাজ করেন, দোকান করেন। তাহমিনা বেগম দোকানদারি করেন। তাঁর দোকানে বসে আলাপকালে তাহমিনা বলেন, ‘শুনতেছি পুলিশ বহু মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। আমার স্বামী আলুর খেতের পাহারাদার। তাঁকে বলছি বাড়িতে আসার দরকার নাই, ওখানেই থাকো।’
দরবারে গিয়ে ফরহাদ হোসেনের লাশ প্রথম দেখেছিলেন গ্রামের সুফিয়া বেগম। গত বুধবার দরবারের সামনে তিনি এসেছিলেন ছেলে জনিকে খুঁজতে। বললেন, পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জনিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে আসছে, আবার ছেড়ে দিচ্ছে। সকালেও দরবারে আনার কথা বলে ছেলেকে নিয়ে এসেছে পুলিশের একটি দল।
সুফিয়া বলেন, ‘হামরা কি কুনোদিন এইলা খুন-খারাবি দেইখচি! বাবাক (পীর ফরহাদ) যে কাহো মারিবার পারে এটাই তো কুনোদিন ভাবিনি। লোকটা সবাকে সাহায্য করেন, বিপদে-আপদে আগায় আসেন। উনাক কায় মারিবে।’
মামলা ও তদন্ত
হত্যার ঘটনায় নিহত ফরহাদ হোসেনের মেয়ে ফাতিহা ফারহানা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ সূত্রগুলো বলেছে, তারা দুটি বিষয় সন্দেহ করে তদন্ত এগিয়ে নিচ্ছে। তাদের সন্দেহের তালিকায় প্রথমে রয়েছে দুই পীরের বিবাদ। এরপরে তারা জঙ্গি যোগসূত্রসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। কুড়িগ্রাম থেকে বুধবার ইসাহাক আলী নামে একজন পীরকে আটক করা হলেও গতকালও তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, কুড়িগ্রাম থেকে আটক ইসাহাক আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।