
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ‘অবৈধ সম্পদ’ খুঁজতে তাঁর প্রতিষ্ঠানের পাঁচটি বিক্রয়কেন্দ্রে গতকাল রোববার অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর মধ্যে একটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া শাফাত, দিলদার আহমেদ ও আপন জুয়েলার্সের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সব ব্যাংকে গতকাল চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে ধর্ষণের ঘটনাস্থল বনানীর রেইনট্রি হোটেলেও অভিযান চালানো হয়েছে। ওই প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে এবং অবৈধভাবে মদ কেনাবেচা করে বলে প্রমাণ পেয়েছে অধিদপ্তর। রেইনট্রির বিরুদ্ধে একাধিক মামলা করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। গতকাল রেইনট্রির সিসিটিভি ক্যামেরার সার্ভার জব্দ করেছে পুলিশ।
মামলায় গ্রেপ্তার দুই আসামি শাফাত ও তাঁর বন্ধু সাদমান সাকিফ এখনো ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি। সিলেট থেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্য তিন আসামি এখনো পলাতক।
মইনুল খান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল, আপন জুয়েলার্স যেসব সোনা ও ডায়মন্ড (হীরা) বিক্রি করছে, তা সংগ্রহের স্বচ্ছ ব্যবস্থা নেই। এসব অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে। অবৈধ কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘গত পাঁচ বছরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান সোনা বা ডায়মন্ড আমদানি করেছে, তার নজির নেই। এ ক্ষেত্রে অস্বচ্ছ প্রক্রিয়া প্রতীয়মান হচ্ছে।’
কাস্টমস সূত্র বলেছে, আপন জুয়েলার্সের মৌচাক, উত্তরা, জিগাতলার সীমান্ত স্কয়ার এবং গুলশানের দুটি বিক্রয়কেন্দ্রে একযোগে অনুসন্ধানী অভিযান চলে। ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার ভ্যাট কর্মকর্তারা ছাড়াও র্যাব সদস্যরা অংশ নেন অভিযানে। অভিযানে ২৬৮ কেজি সোনা ও ৬১ গ্রাম ওজনের হীরা পাওয়া গেছে। এসবের মূল্য ৮৫ কোটি ৩৮ লাখ টাকা।
বেলা ১১টার দিকে মৌচাক মার্কেটের বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিক্রয়কেন্দ্রে ৫৩ কেজি সোনা ও ২ কোটি ৩০ লাখ টাকার হীরা ছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই বিক্রয়কেন্দ্রে ২১ কোটি ৫০ লাখ টাকার সোনা ও হীরা পাওয়া গেছে। এসব পণ্যের আমদানির কাগজপত্র চাওয়া হয়েছে। তিনি বলেন, দুপুর সোয়া ১২টার দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্রে অভিযান চালাতে গিয়ে সেটা বন্ধ পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সেটা সিলগালা করেন।
এরপর জিগাতলায় সীমান্ত স্কয়ারে আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। ওই অভিযানে থাকা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন বলেন, হীরার যেসব অলংকার পাওয়া গেছে, তার তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে। কিন্তু তাঁরা পূর্ণাঙ্গভাবে তা দাখিল করতে পারেননি। বিকেল চারটার দিকে উত্তরার বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ বলেন, ‘সাতটি প্রতিষ্ঠান নিয়ে আপন জুয়েলার্স ৪০ বছর ধরে ব্যবসা করছে। তারপরও শুল্ক গোয়েন্দা বিভাগ আমাদের কাছে যে যে কাগজপত্র চেয়েছে, সবই দেওয়া হচ্ছে। কাস্টমসকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

রেইনট্রিতে অভিযান
বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল বনানীর রেইনট্রি হোটেলে গতকাল দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে কাস্টমস, শুল্ক গোয়েন্দা দল। একজন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বলেন, অভিযানের সময় একটি কক্ষ থেকে ১০ বোতল মদ পাওয়া গেছে। গত শনিবার হোটেল রেইনট্রির এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেটর ফারজান আরা রিমি সাংবাদিকদের বলেন, ‘হোটেলে মদ বিক্রির লাইসেন্স নেই।’
অভিযানের পর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, রেইনট্রি হোটেলের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি, শুল্ক ফাঁকি এবং মানি লন্ডারিং—এই তিন অভিযোগে মামলা করা হবে। তাঁরা বলেন, গত জানুয়ারি মাসে ভ্যাট নিবন্ধন করা হয়। হোটেলটি এ পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার টাকা ভ্যাট আদায় করে। কিন্তু মাত্র ১০ হাজার টাকা জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছে। অভিযানের সময় মদ জব্দ করা হয়। মদ কেনাবেচার জন্য শুল্ক দিতে হয়, কিন্তু এগুলো তারা কোত্থেকে, কীভাবে কিনেছে, তার কোনো জবাব দিতে পারেনি। হোটেলের নথিপত্রে মুদ্রা পাচারের প্রমাণ পাওয়া গেছে বলে শুল্ক কর্মকর্তারা জানান।
হোটেলটিতে অভিযানের বিষয়ে এটির অন্যতম পরিচালক মাহির হারুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দলও ওই হোটেলে অভিযান চালায়। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের একটি দলও হোটেলটি ঘুরে দেখে।
বনানী কে ব্লকের ২৭ নম্বর সড়কের এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ৯ এপ্রিল। ঘটনার সময় সেটি পরীক্ষামূলকভাবে চলছিল। চারতারকা মানের এই হোটেলের মালিক ঝালকাঠি-১ আসনের সাংসদ বি এইচ হারুনের চার সন্তান। তাঁরা হলেন হুমায়রা হারুন, নাহিয়ান হারুন, আদনান হারুন ও মাহির হারুন। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাতের বন্ধু মাহির হারুন।
গত শনিবার রাতে পুলিশের একটি দল হোটেলের লোকজনকে ওই দিনের ঘটনা সম্পর্কে মুখ খুলতে নিষেধ করেছে বলে হোটেলের একজন কর্মচারী প্রথম আলোকে জানান।
ধর্ষণের সময় মদের ব্যবহার হয়েছিল
রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনার সময় মদের ব্যবহার হয়েছিল বলে গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক দিপা রানী হালদারের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওই আবাসিক হোটেলের কোনো বৈধ বার লাইসেন্স নেই। এই আটকের ঘটনা থেকে স্পষ্ট হয় যে ধর্ষণের ঘটনার সময় মদের ব্যবহার হয়েছিল। এই তথ্যটি ধর্ষণের মামলার তদন্তকারী সংস্থাকে অবহিত করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে মদ বিক্রির অভিযোগে শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর। এ ছাড়া মূল্য সংযোজন কর আইনেও মামলা করা হবে।
পুলিশের জিজ্ঞাসাবাদ
গত শনিবার ও গতকাল রেইনট্রির কর্মকর্তারা উইমেন সাপোর্ট সেন্টারে পুলিশের কাছে সাক্ষ্য দেন। গতকাল দুপুরের দিকে তাঁরা বেরিয়ে যান, তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
তদন্তে যুক্ত কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি গ্রেপ্তারকৃত দুজন। মামলার পলাতক আসামি নাঈম আশরাফের সম্পর্কে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাঁর সম্পর্কে খুব বেশি তথ্য তাঁরা দিতে পারেননি। তবে শাফাত স্বীকার করেছেন, মামলার বাদীর সঙ্গে তাঁর পরিচয় হয় ঘটনার অল্প কয়েক দিন আগে।
গতকাল রেইনট্রির সিসিটিভি ক্যামেরার ‘সার্ভার’ পুলিশ জব্দ করে। হোটেল কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ মুছে যাওয়ার কথা বলেছিল। ওই সার্ভার থেকে পুরোনো ফুটেজ উদ্ধারের চেষ্টা করা হবে। আসামিদের মুঠোফোন জব্দ করা হয়েছে, বাদী ও আসামিদের মধ্যে কথোপকথনের রেকর্ড যাচাই-বাছাই করা হচ্ছে। গত বৃহস্পতিবার ওই দুই ছাত্রীর একজনের পোশাক ডিএনএ ল্যাবে পাঠানো হয়। সেই প্রতিবেদন পুলিশের হাতে আসেনি।
মামলাটি নিয়ে পুলিশ কোনো চাপে আছে কি না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মামলাটিকে বলা যায় রাষ্ট্র বনাম বিবাদী। কাজেই খুব সতর্ক ও নিখুঁতভাবে এগোতে হচ্ছে। সে জন্য কিছুটা সময় প্রয়োজন। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের চাপই এখন বড় চাপ।
জানতে চাইলে উইমেন সাপোর্ট সেন্টারের উপসহকারী কমিশনার আসমা সিদ্দিকা মিলি প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। খুব শিগগির বাকি আসামিরাও ধরা পড়বে। তাঁরা ওই আসামিদের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।