শামারুখের মৃত্যু 'আত্মহত্যাজনিত', বাবার প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক শামারুখ মাহজাবিনের ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানায় গতকাল রোববার তাঁর ময়নাতদন্তের প্রতিবেদন পাঠানো হয়। শামারুখের বাবা নুরুল ইসলাম এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
শামারুখের লাশের ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, শামারুখের মৃত্যু আত্মহত্যাজনিত। ডিএমসির হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষাগার থেকে প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্তের পর শামারুখের ঘাড়ের কোষ (নেক টিস্যু) সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ডিএমসির হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষাগারে পাঠানো হয়। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ময়নাতদন্তের প্রতিবেদন ধানমন্ডি থানায় পাঠানো হয়। ধানমন্ডি থানার পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ফরেনসিক বিভাগ সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি থানার কনস্টেবল হুমায়ুন কবির ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণ করেন। প্রতিবেদনটি তাঁর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৌঁছে দেওয়ার কথা। ১৪ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ মর্গে শামারুখের লাশের ময়নাতদন্ত হয়।
ময়নাতদন্তের প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শামারুখের বাবা প্রথম আলোকে বলেন, তাঁরা এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। যশোর-৫ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন তাঁদের পক্ষে নিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে যাওয়ার আশঙ্কায় গত ১০ দিন তাঁরা রাজধানী ও যশোরে মানববন্ধনসহ ১০টিরও বেশি কর্মসূচি পালন করেছেন।
নুরুল ইসলাম অভিযোগ করেন, ময়নাতদন্তের প্রতিবেদনের ক্ষেত্রে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছে। তিনি বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি হত্যা সন্দেহ করে এবং হত্যা মামলা গ্রহণ করে। কিন্তু হত্যা মামলাটি যাঁরা আত্মহত্যার মামলায় রূপান্তর করেছেন সেই ময়নাতদন্তকারীর ওপর তাঁদের বিন্দুমাত্র আস্থা নেই। তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা হলে তা গলার চামড়ায় একটি দাগ হবে। কিন্তু শামারুখের গলার দুই পাশে গলাটিপে ধরার হাতের ছাপ আছে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান মো. হাবীবুজ্জামান প্রথম আলোকে বলেন, এ অভিযোগ ঠিক নয়। তাঁরা শতভাগ নিরপেক্ষ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করেছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ আত্মহত্যাজনিত বলা হলেও মামলা শেষ হয়নি। মামলাটি ৩০২ ধারার পরিবর্তে ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচণা) রূপান্তর করা হবে। সে অনুযায়ী এখন তদন্ত হবে।
রাজধানীর ধানমন্ডিতে শ্বশুর খান টিপু সুলতানের বাসায় ১৩ নভেম্বর চিকিৎসক শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন রাতে শামারুখের বাবা বাদী হয়ে খান টিপু সুলতান, তাঁর স্ত্রী জেসমিন আরা ও শামারুখের স্বামী হুমায়ুন সুলতানকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া হুমায়ুন রিমান্ড শেষে কারাগারে আছেন। খান টিপু ও তাঁর স্ত্রী উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছেন।