শামীম ওসমান অনুসারীদের ঝাড়ুমিছিল, হুমকি
নারায়ণগঞ্জে সরকারি দলের সাংসদ শামীম ওসমানের অনুগতরা আজ রোববার বিকেলে শহরে ঝাড়ু হাতে মিছিল করেছেন। মিছিল থেকে মেয়র সেলিনা হায়াৎ আইভী, নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিসহ কয়েকজনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় দুই মাস নারায়ণগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত ছিল। তবে এর পর থেকে পরিস্থিতি শান্ত হয়ে পড়ে। আজকের মিছিলের পর শহরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়। চাষাঢ়া বিজয়স্তম্ভে মিছিল-পূর্ব সমাবেশে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান দিপু বলেন, ‘ত্বকী মঞ্চ নারায়ণগঞ্জকে অশান্ত করে তুলতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাদের মুখ বন্ধ করে দেওয়া। যদি তা না করা হয়, তাহলে নারায়ণগঞ্জের মানুষ অশান্ত হয়ে তাদের গণপিটুনি দিলে তার জন্য আমরা দায়ী থাকব না।’
ঝাড়ুমিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
ঝাড়ুমিছিল ও মিছিল-পূর্ব সমাবেশে দেওয়া বক্তব্য সম্পর্কে জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিল, সব খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে আমরা ২১ মাস ধরে প্রতি মাসের প্রথম সপ্তাহে নানা প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। ৫ ডিসেম্বর সমাবেশে আমিসহ অন্য বক্তারা একই দাবি পুনর্ব্যক্ত করেছেন। এতেই শামীম ওসমানদের গাত্রদাহ শুরু হয়েছে।’
জেলা পুলিশ সুপার খন্দকার মহিউদ্দিন বলেন, সভা-সমাবেশে দেওয়া বক্তৃতা-বিবৃতি সম্পর্কে পুলিশের কিছু করার নেই। তবে কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না।