নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ওই এলাকার সরকারি দলের সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কথা বলবে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি।
১১ ও ১২ আগস্ট তাঁদের সঙ্গে কথা বলা হবে বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে। তবে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গত ১৭ জুলাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিন সাংবাদিকেরা তদন্ত কমিটির প্রধানের কাছে জানতে চেয়েছিলেন এ ঘটনায় নারায়ণগঞ্জের সরকারি দলের সাংসদ শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, এ বিষয়ে সময়মতো জানতে পারবেন। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন শ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে ওই সাতজনকে তুলে নিয়ে হত্যা করেছে র্যাব।
এ ঘটনায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা কারাগারে রয়েছেন। নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন।