শামীমকে যারা 'জঙ্গি' বানিয়েছে তাদের বিচার চান তাঁর মা
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার আসামি মইনুল হাসান শামীমের মা বলেছেন, যাঁরা তাঁর ছেলেকে ‘জঙ্গি’ বানিয়েছেন তিনি তাঁদের বিচার চান। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ মঙ্গলবার টঙ্গীর চেরাগ আলী মার্কেটের সামনে থেকে শামীমকে গ্রেপ্তার করে।
শামীমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। তাঁর বাবা আবদুল কুদ্দুছ মারা গেছেন পাঁচ বছর আগে। চার ভাই, দুই বোনের মধ্যে শামীম ছোট। তিনি সিলেটের মদনমোহন কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।
বৃহস্পতিবার দুপুরে শামীমের বাড়িতে গিয়ে মা মোসাম্মাৎ সালেহা বেগমের সঙ্গে কথা হয়। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘যে ছেলে ভয়ে রাতে ঘর থেকে একলা বাইর অইত না, এখন টিভিতে দেখছি সে মানুষ হত্যা করেছে। বড় সন্ত্রাসী অই গেছে। এইটা বিশ্বাস করতে পারতেছি না।’
সালেহা বেগম বলেন, ‘আমার ছেলেরে যারা সন্ত্রাসী বানাইছে, জঙ্গি বানাইছে, আমি তারার বিচার চাই। আমার ছেলে অন্যায় করলে তার বিচার অইব। আর কোনো মায়ের ছেলেরে যেন এভাবে কেউ সন্ত্রাসী না বানাইতে পারে। পুলিশ যেন তাদের ধরে, আমি এইটাই চাই।’
শামীমের বড় ভাই আবু জাফর জানান, ২০১০ সালে শামীমকে পড়াশোনার জন্য সিলেটে পাঠান তাঁরা। ওই বছরই শামীম বাড়িতে গিয়ে স্থানীয় গোবিন্দগঞ্জ বাজারে প্রচারপত্র বিলি করতে গিয়ে গ্রেপ্তার হন। পরে তাঁরা জানতে পারেন শামীম হিযবুত তাহ্রীরের সদস্য। জেল থেকে জামিনে বের করে আনার পর তাঁরা তাঁকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করেন। শামীম একপর্যায়ে এইচএসসি পাস করলে ধারণা করেছিলেন, শামীম এসব ছেড়ে দিয়েছেন।
সালেহা বেগম জানান, গত রোজা শুরুর দুদিন আগে শামীম সিলেট থেকে বাড়িতে যান। সপ্তাহ খানেক পর বাড়ির কাউকে কিছু না বলে আবার চলে যান। ঈদে বাড়িতে যাননি। আর যোগাযোগ হয়নি পরিবারের সঙ্গে। সর্বশেষ বুধবার জানতে পারেন শামীম টঙ্গিতে গ্রেপ্তার হয়েছেন।