শারীরিক প্রতিবন্ধী শিশুকে গুলি করে হত্যা!

কক্সবাজারের টেকনাফে এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলের এ ঘটনায় আরও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালীর লামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম সাদেক হোসেন (৭)। আহত হয়েছে মো. মোজাহিদ (৮) নামের আরেক শিশু। স্থানীয় জনতা অভিযুক্ত মোহাম্মদ বেলালকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত শিশু সাদেক লামারপাড়া গ্রামের কাদের হোসেনের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত শিশুটি একই গ্রামের সংযুক্ত আবর আমিরাত প্রবাসী বেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে লামারপাড়া গ্রামের কয়েকজন শিশু একটি খোলা জায়গায় বেলুন ওড়াচ্ছিল। এ সময় শিশুরা চিৎকার করলে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ বেলাল তাদের ওপর ক্ষিপ্ত হয় এবং সাদেক ও মোজাহিদকে মারধর করেন। এ সময় মোজাহিদের মা নুর আয়েশা বেগম ছেলেকে কেন মারধর করা হলো জানতে চান। এতে বেলাল ক্ষিপ্ত হয়ে তাঁকেও গালাগালি করে ঘরের ভেতরে ঢুকে পড়েন। এরপর ঘরের ভেতর থেকে বেলাল তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে বেলালকে আটকে ফেলে এবং গুলিবিদ্ধ দুই শিশুকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুই শিশুকে নিয়ে আসার পর সাদেক মারা যায়। আরেক শিশুকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুটির মুখে ও মাথায় গুলির আঘাত রয়েছে। গুলিবিদ্ধ শিশুটির পায়ে গুলির চিহ্ন আছে।
নিহতের বাবা কাদের হোসেন অভিযোগ করে বলেন, ‘জেনেশুনে আমার শারীরিক প্রতিবন্ধী শিশুকে গুলি করে হত্যা করেছে বেলাল। আমি সন্তান হত্যার বিচার চাই।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত বেলালকে আটক করা হলেও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, দেশে তৈরি এলজি থেকে গুলি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।