শার্টের কলার ও জুতার ভেতরে মিলল সোনা
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার এক যাত্রীর শার্টের কলার ও জুতার ভেতর থেকে ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। একই দিন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় দুই কেজি সোনা।
ঢাকায় সকালে ৮০০ গ্রাম সোনাসহ আটক যাত্রীর নাম এম এ মালেক (৫০)। তাঁর কাছ থেকে ওই সোনা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, সকাল নয়টার দিকে মালয়েশিয়া থেকে একটি উড়োজাহাজে করে ঢাকায় নামেন যাত্রী মালেক। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর শার্টের কলারের ভেতর থেকে সোনার পাত উদ্ধার করা হয়। এরপর জুতার ভেতর থেকে বের করা হয় ৩৬২ গ্রাম স্বর্ণালংকার। স্বর্ণালংকার বলতে কানের রিং। সব মিলিয়ে উদ্ধার করা সোনার পরিমাণ ৮০০ গ্রাম। এর মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
এএসপি তানজিনা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যাত্রীর গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। পুরান ঢাকার তাঁতীবাজারে তিনি থাকেন। তাঁর দাবি, তাঁতীবাজারে তিনি সোনার ব্যবসা করেন। এ কারণে প্রায় সময় দেশের বাইরে যাতায়াত করেন। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রী জাহাঙ্গীর আলমের (৩৭) জুতার ভেতর থেকে ১৬টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা দপ্তর। এসব বারের ওজন প্রায় দুই কেজি। এই সোনার মূল্য প্রায় ৯৩ লাখ টাকা।
আটক জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, কাস্টমস তল্লাশি শেষে জাহাঙ্গীর বের হয়ে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাঁর পাসপোর্ট দেখতে চান। পাসপোর্টে তাঁর বারবার মধ্যপ্রাচ্যে যাতায়াত দেখে সন্দেহ হলে তাঁকে জুতা খুলতে বলা হয়। প্রতি পাটি জুতা থেকে আটটি করে সোনার বার উদ্ধার করা হয়।