শার্শা সীমান্তের ওপারে বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার বালুন্ডা গ্রামের মনজুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৫) গরু নিয়ে ভারত থেকে ফেরার সময় গত সোমবার মধ্যরাতে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ‍) দায়ী করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় কয়েকজন বাসিন্দা, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে মনিরুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী ও রাখাল গরু আনার জন্য পুটখালী সীমান্তের ইছামতী নদীর পাড়ে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। মনিরুল বিএসএফের হাতে আটক হন। বিএসএফের সদস্যরা তাঁকে পিটিয়ে ও গুলি করে হত্যার পর লাশটি ইছামতী নদীতে ফেলে দেন। বেলা ১১টার দিকে খবর পেয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজিবির ২৩  ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম  বলেন, ‘ইছামতী নদীর ভারতীয় অংশ থেকে মনিরুল নামে বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধারের খবরটি গতকাল দুপুরে পাই। খবর পেয়ে মনিরুলের বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি মনিরুলের একটি ছবি বিজিবির কাছে দিলে তা বিএসএফের কাছে পাঠানো হয়। ছবি দেখে লাশটি মনিরুলের বলে শনাক্ত করে বিএসএফ।’

আবদুর রহিম বলেন, ‘মনিরুলকে গুলি করে হত্যা করা হতে পারে। রাতে ভারতীয় সীমান্তে আমরা একাধিক গুলির শব্দ শুনেছি। বিএসএফের কাছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। বুধবার (আজ) বৈঠক হতে পারে।’