শার্শায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের বাজারে গত মঙ্গলবার রাতে আবদুস সামাদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামাদ কাগজপুকুর গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে নড়াইলের লোহাগড়ায় অপহরণের ছয় দিন পর গতকাল বুধবার স্কুলছাত্র শাহীন ফকিরের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সামাদ কাগজপুকুর বাজারে নিজের পানের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাঁকে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সামাদের ছেলে মাসুম বিল্লাহ গতকাল বেনাপোল বন্দর থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারভুক্ত আসামি কাগজপুকুর গ্রামের আমিরুল ইসলাম (৪৫) ও আবদুল কুদ্দুসকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি আমিরুলকে ভারতে গতকাল দুপুরে আটক করে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ ছাড়া ৪০ হাজার টাকার চুক্তিতে আমিরুলকে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আটক করে পুলিশ। এদিকে ঘটনার পর নিহত সামাদের লোকজন আলমগীর, জব্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান বিশ্বাস ও কর্মী নাসির উদ্দীনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আমিরুলসহ কয়েকজন কুপিয়ে সামাদকে হত্যা করেছেন।
এদিকে লোহাগড়ায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর গতকাল দুপুর ১২টার দিকে নলদী ইউনিয়নের কালাচাঁদপুর ঠাকুরবাড়ির পেছনের বাগান থেকে শাহীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল দুপুরে সৈয়দ লিটনসহ (৩৮) চারজনকে আটক করেছে পুলিশ। লিটনের বাড়ি নলদী গ্রামে। আর শাহীন কালাচাঁদপুর গ্রামের দুবাইপ্রবাসী শওকত ফকিরের ছেলে। সে স্থানীয় নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
শাহীনের চাচা লিয়াকত ফকির বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকেল থেকে শাহীনকে পাওয়া যাচ্ছিল না। গতকাল ওই বাগানের গর্তে এলাকার লোকজন শাহীনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লিয়াকত ফকির অভিযোগ করেন, তাঁর ভাই শওকত ফকিরের সঙ্গে প্রতিবেশী শিমুল মোল্লাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে শিমুলের পরিবার লিটনকে টাকা দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঘটনার পর থেকে শিমুলের পরিবারের লোকজন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নলদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাদশা মোল্লা জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে লিটনকে আটক করা হয়েছে।