শার্শায় ১৮০টি কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী রাজাপুর গ্রাম থেকে বিরল প্রজাতির ১৮০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেলে কচ্ছপগুলো জব্দ করে যশোর সদরের ঝুমঝুমপুর বিজিবি দপ্তরে নিয়ে আসেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি একটি বস্তা নিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির টহল দল চ্যালেঞ্জ করলে তাঁরা বস্তা ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ১৮০টি কচ্ছপ উদ্ধার করা হয়।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, ভারত থেকে চোরাইপথে আনার সময় ওই কচ্ছপগুলো জব্দ করা হয়। এসব কচ্ছপ বুধবার (আজ) বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।