শার্শায় অস্ত্রসহ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকার রাজগঞ্জ গ্রাম থেকে গত সোমবার রাতে অস্ত্রসহ আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পুটখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, তাঁর ভাই আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য জাকির হোসেন ও কমিটির অপর সদস্য মো. আবদুল্লাহ। তাঁরা রাজগঞ্জ গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বিজিবির একটি দল পুটখালী সীমান্ত এলাকার রাজগঞ্জ গ্রামে অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি পিস্তল, একটি গুলি ও দুটি রামদাসহ তিনজনকে আটক করা হয়। অস্ত্রসহ তিনজনকে রাত দুইটার দিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করে বিজিবি।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বিজিবির পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।