শার্শায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় মাদ্রাসার এক শিক্ষকের (৪০) বিরুদ্ধে ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাজাহান আলীর আদালতে মেয়েটি নারী নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে শার্শা থানায় ধর্ষণের একটি মামলা হয়েছে।

এদিকে গত সোমবার বিকেলে ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ধর্ষণের শিকার ছাত্রীর স্বজনেরা মাদ্রাসার ওই শিক্ষকের কর্মক্ষেত্র ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পর থেকে শিক্ষক পলাতক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিনিজ বাড়িতে ছোট ছোট কয়েকটি খড়ের ঘর তৈরি করে মেয়েদের হাফিজি মাদ্রাসা খোলেন। স্থানীয় কয়েকটি গ্রামের অন্তত ৭০ জন কিশোরী ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে কোরআন শিক্ষা নিত। শিক্ষক১৪ বছরের এক কিশোরীকে কৌশলে দুই মাস ধরে ধর্ষণ করেছেন। গত রোববার রাতে মেয়েটিকে ধর্ষণের সময় অন্য ছাত্রীরা দেখে হইচই শুরু করে। সকালে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন হামলা চালিয়ে ওই মাদ্রাসা ও শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করে। জনগণের ধাওয়ায় শিক্ষক পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ভাঙচুর থামানো হয়। ওই মাদ্রাসার কোনো অনুমোদন নেই। নিজের বাড়িতে মাদ্রাসা খুলে কোরআন শিক্ষার নামে ৭০ জন মেয়েকে ওই বাড়িতে রাখা হতো। এর মধ্যে একটি মেয়েকে দুই মাস ধরে শিক্ষক ধর্ষণ করেছেন। ওই মেয়েটির মা-বাবা বিদেশে থাকেন। প্রতিবেশী এক নানির কাছে মেয়েটি থাকত। ওই নানিই তাকে মাদ্রাসায় রেখে আসেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ২২ ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে।

ওসি জানান, মেয়েটির মা ভারতের মুম্বাইয়ে কাজ করেন। আর বাবা দুবাইতে থাকেন। মেয়েটি এখানে দূর সম্পর্কের এক নানির কাছে থাকত। মেয়েটিকেশিক্ষক দুই মাস ধরে ধর্ষণ করেছেন বলে মেয়েটি স্বীকারোক্তি দিয়েছে।