শার্শায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
যশোরের শার্শা উপজেলার পুটখালী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহাগ মৃধা ওরফে ইলিয়াস (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ রাজবাড়ী সদর উপজেলার কাঁচরন্দ গ্রামের আবদুল লতিফ মৃধার ছেলে।
পুলিশের দাবি, নিহত সোহাগ রাজবাড়ীর একটি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সক্রিয় কর্মী। ২০০৫ সালে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলা মামলায় আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা রয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে বেনাপোলের সীমান্ত এলাকা থেকে একটি নাইন-এমএম পিস্তলসহ সোহাগকে আটক করা হয়। এরপর গতকাল দুপুরে তাঁকে গাড়িতে করে যশোরের আদালতে নেওয়ার সময় গাড়িটি যশোর-বেনাপোল সড়কে কাগজপুকুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এই সুযোগে সোহাগ হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। পরে সোহাগকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। রাত দেড়টার দিকে পুটখালি থেকে বেনাপোলের দিকে ফিরছিল পুলিশের একটি টহল দল। এ সময় চারটি মোটরসাইকেলে করে এসে আট ব্যক্তি পুলিশের গতিরোধ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও নয়টি ফাঁকা গুলি ছোড়ে। ‘বন্দুকযুদ্ধের’ পর গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশটি সোহাগের বলে শনাক্ত করা হয়।’
ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফকির তাইজুর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় দুটি মামলা করেন। একটি অস্ত্র আইনে ও অপরটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে।
সকালে হাসপাতালের মর্গে গিয়ে দেখা গেছে, লাশের কপালে গুলির ক্ষত রয়েছে। হাসপাতালের খাতা থেকে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে তিনটায় বেনাপোল বন্দর থানার এসআই মনিরুল ইসলাম হাসপাতালের জরুরি বিভাগে লাশ রেখে আসেন।