শার্শায় ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে আজিজুর রহমান নামের এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজিজুর বাদী হয়ে গতকাল মঙ্গলবার শার্শা থানায় মামলা করেন।
আজিজুর শার্শার নাভারন বাজারের ধান-চালের পাইকারি ব্যবসায়ী। তাঁর বাড়ি ঝিকরগাছা থানার গাবুরাপুর গ্রামে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বেনাপোল শাখা থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে আজিজুর নাভারনের দিকে ফিরছিলেন। যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছি এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে এসে আট-নয়জন ছিনতাইকারী তাঁর গতি রোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। আজিজুরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা বেনাপোলের দিকে পালিয়ে যায়।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ের একটি মামলা নেওয়া হয়েছে।
ওসি বলেন, বেনাপোলের ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে আজিজুর প্রকাশ্যে ব্যবসায়ীদের দিতে দিতে নাভারনে ফিরছিলেন। ছিনতাইকারীরা টাকার বিষয়টি জেনে গিয়ে হয়তো তাঁর পিছু নিতে পারে। ছিনতাইকারীদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।