শার্শায় ভাইদের পিটুনিতে ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় আজিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে তাঁর ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোগা গ্রামের আজিজুর তাঁর বড় ভাই হাফিজুর রহমানের কাছে ৪০ হাজার টাকা পেতেন। ওই টাকা নিয়ে গত রোববার বিকেলে আজিজুরের সঙ্গে হাফিজুরের বাগ্বিতণ্ডা হয়। এ সময় অপর ভাই শফিকুল ইসলাম ও হাফিজুরের মেয়ের জামাই বাবুল হোসেন তাঁর (হাফিজুর) পক্ষ নেন। একপর্যায়ে তাঁরা সবাই মিলে বাঁশের লাঠি দিয়ে আজিজুরকে এলোপাতাড়ি পেটান। এতে আজিজুর মাথায় প্রচণ্ড আঘাত পান। গুরুতর আহত অবস্থায় আজিজুরকে উদ্ধার করে তাঁর পরিবার ও স্থানীয় লোকজন ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে রাত নয়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল সোমবার থানায় একটি হত্যা মামলা করে। শফিকুল ও বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার ওসি এনামুল হক বলেন, নিহত আজিজুরের পক্ষে মামলা করার কেউ না থাকায় থানার এসআই বায়েজিত আহমেদ ওই হত্যা মামলা দায়ের করেন।