শার্শায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে নাসিরউদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নাসিরউদ্দিনের ছেলে লিটন হোসেন (৩২)।

নিহত নাসিরউদ্দিনের বাড়ি উপজেলার মানকিয়া গ্রামে। তিনি বেনাপোল বাজারে নরসুন্দরের কাজ করতেন।

নাসিরউদ্দিনের স্ত্রী মোসাম্মাৎ খায়রুন্নেচ্ছা (৪৮) বলেন, গত মঙ্গলবার বিকেলে মানকিয়া গ্রামের উত্তরপাড়ায় নাসিরউদ্দিনের ভাতিজা মিলন হোসেনের মেয়ে মিথিলার (৫) সঙ্গে লিটনের ছেলে মিশকাত (৫) খেলা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মিলন রাতে তাঁকে (খায়রুনেচ্ছা) মারধর করেন। ঘটনাস্থলে এগিয়ে এলে লিটনকে ছুরি মারেন মিলন হোসেন। এরপর নাসিরউদ্দিন এগিয়ে গেলে তাঁকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান।

আহত দুজনকে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে নাসিরউদ্দিন মারা যান। লিটন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় খায়রুন্নেচ্ছা বাদী হয়ে গতকাল মিলন ও তাঁর স্ত্রী জোছনা বেগমের (২২) বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা করেছেন।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজার ছুরির আঘাতে চাচা নিহত ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।