শার্শায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ
যশোরের শার্শা উপজেলায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ওই মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় ওই ছাত্রী যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। ঘটনার পর থেকে শিক্ষক পলাতক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুই মাস আগে শার্শা উপজেলার আমলাই গ্রামের আলতাফ হোসেন ও তাঁর স্ত্রী নিজ বাড়িতে ছোট কয়েকটি খড়ের ঘর তৈরি করে মেয়েদের হাফিজিয়াখানা মাদ্রাসা খোলেন। কয়েকটি গ্রামের অন্তত ৭০ জন কিশোরী ওই মাদ্রাসায় আবাসিক হিসেবে ভর্তি হয়। এরপর থেকে আলতাফ কৌশলে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিলেন। গত রোববার রাতে ওই ছাত্রীকে ধর্ষণের সময় অন্য ছাত্রীরা দেখে হইচই শুরু করে। সকালে এ ঘটনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন হামলা চালিয়ে ওই মাদ্রাসা ও আলতাফের বাড়িঘর ভাংচুর করেন। একপর্যায়ে আলতাফ পালিয়ে যান। পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই মাদ্রাসার কোনো অনুমোদন নেই। নিজ বাড়িতে মাদ্রাসা খুলেছিলেন আলতাফ। দুই মাস ধরে ওই ছাত্রীকে আলতাফ ধর্ষণ করে আসছেন। ওই মেয়েটির মা-বাবা বিদেশে থাকেন। প্রতিবেশী এক নানির কাছে মেয়েটি থাকত। ওই নানিই তাকে মাদ্রাসায় রেখে আসেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে আজ ওই ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার আসামি আলতাফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডাক্তারি পরীক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোনো কথা বলতে রাজি হননি। তবে তাঁরা বলেন, এক সপ্তাহ পর প্রতিবেদন দেওয়া হবে।