শার্শায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় মো. শামীম (৪৫) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পুটখালী সীমান্তের অভয়বাস গ্রামে এ ঘটনা ঘটে। ভারতীয় চোরাই মোটরসাইকেলের ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে তিনি খুন হন বলে জানা গেছে। এদিকে যশোর শহরে প্রতিপক্ষের মারধরে জাকির হোসেন (৩৫) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন।
নিহত শামীম শার্শার পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের ইউসুফ আলী মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শামীম, তাঁর ভাতিজা কামরুল ইসলাম, ব্যবসার অংশীদার শাহজামাল ও তাঁর পক্ষের একজন রাতে পুটখালী সীমান্তের রাজগঞ্জ বাঁওড়ের পাড়ে বসেছিলেন। তাঁরা সবাই ভারত থেকে চোরাইপথে আসা মোটরসাইকেলের ব্যবসা করতেন। একপর্যায়ে লেনদেন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে শাহজামাল ও তাঁর সঙ্গীর দায়ের কোপে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কামরুল ইসলাম বলেন, ‘আমি আর চাচা শাহজামালদের সঙ্গে কাজ করি। শাহজামালরাই মূল কাজ করত। আমরা শুধু মোটরসাইকেলগুলো পুটখালী থেকে খলসে পৌঁছে দিতাম। রাতে একটা চালান আসার কথা ছিল। আমি বিজিবির লাইন ক্লিয়ার আছে কি না দেখতে এগিয়ে গেলে শাহজামালেরা চাচাকে খুন করে।’
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার গতকাল পুটখালী গ্রামের শাহজামালসহ (৩২) চারজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় হত্যা মামলা করেন।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মদের বোতল ও দা উদ্ধার করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে যশোর শহরের ঢাকা সড়কের বাবলাতলা এলাকায় জাকিরের অটোরিকশার সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে ইজিবাইকের চালক ও যাত্রীরা মিলে জাকিরকে মারধর করেন। এ সময় জাকির পড়ে গিয়ে মাথায় আঘাত পান। যশোর ২৫০ শয্যার হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
জাকির সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামে থেকে অটোরিকশা চালাতেন। যশোর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।