শার্শায় স্কুলছাত্রী অ্যাসিডদগ্ধ
যশোরের শার্শা উপজেলায় সুমাইয়া জামান (১৩) নামে এক স্কুলছাত্রী অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে। গতকাল বুধবার বিকেলে সুমাইয়াকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শার্শা উপজেলার কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে বাইকোলা গ্রামের প্রবাসী আকতারুজ্জামানের মেয়ে।
হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া বলে, ‘একই স্কুলের নবম শ্রেণির ছাত্র শামীম স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল কয়েকটি ক্লাস করার পর বাইরে গেলে শামীমসহ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। দ্রুত তাদের পাশ থেকে চলে আসি। পরে নিজের ওড়না দিয়ে মুখ মুছলে মুখে জ্বালা-পোড়া শুরু হয়। বাড়ি গিয়ে মাকে জানালে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে ওই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটির মুখমণ্ডলের আংশিক অ্যাসিডে দগ্ধ হয়েছে।’
শার্শা থানার ওসি ইনামুল হক বলেন, এ ঘটনায় শামীমের বাবা খলিলুর রহমানকে আটক করা হয়েছে বলে তিনি জানান।