শার্শায় স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার বৃত্তি আঁচড়া গ্রামে দায়ের কোপে এক গৃহবধূ খুন হয়েছেন। স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার রাত নয়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত গৃহবধূ হলেন বৃত্তি আঁচড়া গ্রামের মোছা. আমিরুন্নেছা (৩৫)। তিনি শার্শা উপজেলার খড়িডাঙ্গা গ্রামের সফর উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃত্তি আঁচড়া গ্রামের মো. আবেদিনের স্ত্রী মোছা. আমিরুন্নেছা স্বামীর বাড়িতেই থাকতেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় বাজারে গিয়ে আবেদিন সেলুনের কর্মচারী তাঁর ছেলের কাছে ১০ টাকা চেয়ে পাননি। বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবেদিন বাড়িতে গিয়ে স্ত্রী আমিরুন্নেছাকে বিষয়টি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে আবেদিন ঘরে থাকা দা দিয়ে আমিরুন্নেছার গলায় কোপ দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ঘটনার দিন আবেদিন গাঁজা কেনার জন্য ছেলের কাছে ১০ টাকা চেয়ে পাননি। বাড়িতে গিয়ে এ নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আবেদিন ঘরে থাকা দা দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন।

যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় আমিরুন্নেছার ছেলে তাঁর বাবার বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় হত্যা মামলা করেছেন।