শার্শায় হুন্ডির সাড়ে তিন লাখ টাকাসহ এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকা থেকে গত বুধবার প্রায় সাড়ে ৩ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা বলছে, এগুলো হুন্ডির টাকা। তা অবৈধ পথে ভারত হয়ে বাংলাদেশে আনা হয়। আটক ব্যক্তির নাম উজ্জ্বল হোসেন মোড়ল (২২)। তিনি শার্শা উপজেলার পুটখালী গ্রামের কুদ্দুস আলী মোড়লের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উজ্জ্বল বাইসাইকেলে করে ভারতের সীমান্ত এলাকা আঙরাইল হয়ে বাংলাদেশের পুটখালী এলাকায় প্রবেশ করেন। এরপর তিনি বেনাপোল স্থলবন্দরের দিকে রওনা হন। খবর পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী এলাকায় টহল জোরদার করেন। একপর্যায়ে উজ্জ্বল বেনাপোল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বারপোতা গ্রামে পৌঁছান। বিজিবি সদস্যরা সেখানে তাড়া করে তাঁকে ধরে ফেলেন। তাঁর দেহ তল্লাশি করে দুই পায়ের ঊরুতে বিশেষ কায়দায় আটকে রাখা ৩ লাখ ৪০ হাজার টাকা পাওয়া যায়। উদ্ধার করা টাকার মধ্যে ২০০টি ১০০০ টাকার নোট এবং ২৮০টি ৫০০ টাকার নোট রয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার হরেকৃষ্ণ রায় বলেন, উদ্ধার করা টাকা হুন্ডির। বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি ছোটখাটো চাকরি বা ব্যবসা করেন, তাঁরা রাজস্ব ফাঁকি দিতে এভাবে টাকা পাঠান। টাকা প্রথমে ভারতে আসে। সেখান থেকে বাংলাদেশে এসে বিভিন্ন গন্তব্যে পৌঁছে যায়। হরেকৃষ্ণ জানান, উজ্জ্বলকে বুধবার রাতে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শামীম উদ্দীন বলেন, এ ঘটনায় বুধবার রাতে মামলা করে বিজিবি। উজ্জ্বলকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।