শালগাছ ও কাঠ জব্দ, করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় উদ্যানের আশপাশের বিভিন্ন ঝোপঝাড়ে লুকিয়ে রাখা হয় চোরাই শালগাছ। ছবি: প্রথম আলো
জাতীয় উদ্যানের আশপাশের বিভিন্ন ঝোপঝাড়ে লুকিয়ে রাখা হয় চোরাই শালগাছ। ছবি: প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যান ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চোরাই ১২৬টি শালগাছ ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উদ্যানের পাশে বাজারে অবৈধভাবে গড়ে ওঠা একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর বাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।
আদালত পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসরাইল হোসেনের নেতৃত্বে। তিনি প্রথম আলোকে জানান, নবাবগঞ্জ শালবাগানের পাশে রঘুনাথপুর বাজারের হাছান আলীর করাত কলে বিপুল পরিমাণ চোরাই শাল গাছ কাটার খবর পাওয়া যায়। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে রঘুনাথপুর বাজারে গেলে করাতকল থেকে লোকজন পালিয়ে যায়। এ সময় জাতীয় উদ্যান ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ঝোপঝাড় থেকে ১২৬টি শাল গাছ ও বিপুল পরিমাণ শালকাঠ জব্দ করা হয়। পরে পুলিশের মাধ্যমে করাত কলটি উচ্ছেদ করেন।
অভিযান চলাকালে এলাকাবাসী অভিযোগ করেন বন বিভাগের কর্মকর্তা এবং চরকাই রেঞ্জের বাংলো চৌকিদার বাবুল হোসেন মোটা টাকার বিনিময়ে গাছ চোরদের সঙ্গে যোগসাজশ করে শালাবাগানের গাছ কেটে উজাড় করছে। যারাই এসবের প্রতিবাদ করেন বন বিভাগের লোকজন তাঁদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করেন। অভিযানের সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিচার দাবি করেন।

অবৈধভাবে গড়ে ওঠা এ করাতকলে গাছ কেটে কাঠ করা হতো। ছবি: প্রথম আলো
অবৈধভাবে গড়ে ওঠা এ করাতকলে গাছ কেটে কাঠ করা হতো। ছবি: প্রথম আলো

অভিযানে উপস্থিত চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার জানান, তিনি এ রেঞ্জে এক মাস আগে যোগদান করেছেন। গাছ চুরির সঙ্গে যে সব কর্মকর্তা-কর্মচারী জড়িত তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবুলের বিরুদ্ধে এর আগেও গাছ চুরিসহ অন্যান্য অনেক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে মোবাইলে বাংলো চৌকিদার বাবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ।