শালিখায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, ৪০ দোকান ভাঙচুর
নড়াইল-বুনাগাতি সড়কের মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি বাজারের বুনাগাতি বাসস্ট্যান্ডের দখল নিতে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় বাজারের কমপক্ষে ৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫টি গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ডের দখল নিয়ে বুনাগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যুবলীগের নেতা বখতিয়ার হোসেনের সঙ্গে আওয়ামী লীগের কর্মী মকবুল হোসেন ও তাঁর ভাতিজা ছাত্রলীগের নেতা রমিজ উদ্দিনের বিরোধ চলছিল। বাসস্ট্যান্ডটি একসময় মকবুল হোসেনদের দখলে থাকলেও পরে তা চেয়ারম্যান বখতিয়ার হোসেনের দখলে চলে যায়। ওই বিরোধ নিয়ে ১৬ মে সন্ধ্যায় মকবুল হোসেন ও রমিজ উদ্দিনের লোকজন বুনাগাতি বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বখতিয়ার হোসেনের লোকজন ও দোকানপাটে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। সংঘর্ষে বাজারের মো. মামুন, সাজ্জাদ হোসেন, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, সাহিদুল ইসলাম, মনিরুল আলম ও উজ্জ্বল হোসেনের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। দোকানগুলোর অধিকাংশই মুঠোফোন ও স্টেশনারির। ওই ঘটনার জের ধরে পরদিন সকালে বাজারে আবারও পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ওই ঘটনার পর থেকে বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের দোকানপাট বন্ধ ছিল। গতকাল বিকেলে দুই পক্ষের লোকজন বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। হাটবার থাকায় এ সময় হাটে আসা লোকজন ছোটাছুটি শুরু করে। এ সময় চেয়ারম্যান বখতিয়ার হোসেনের সমর্থক স্থানীয় রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামানের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। এ ছাড়া সংঘর্ষে অন্তত আরও সাতজন আহত হন। প্রায় দুই ঘণ্টা চলা ওই পাল্টাপাল্টি হামলার ঘটনায় বাজারের অন্তত ৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়।
শালিখা থানার দ্বিতীয় কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বুনাগাতি বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা হয়েছে। এ সময় বাজারের দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাজার থেকে দুই পক্ষকে হটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অন্তত ২৫টি গুলি ছোড়ে তারা। এলাকার পরিস্থিতি এখন থমথমে। চরম উত্তেজনা চলছে। বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।