শাল্লায় দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ৫
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবদুল জলিল নামে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। উপজেলার কামারগাঁও গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল জলিলের (৪৫) বাড়ি কামারগাঁও গ্রামে। আহত পাঁচজনের মধ্যে জমির আলীকে (৩৬) শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামারগাঁও গ্রামটি এলাকায় ‘চোরের’ গ্রাম হিসেবে পরিচিত। আধিপত্য বিস্তার নিয়ে এই গ্রামের আবদুল হান্নান ও তাহের মিয়ার মধ্যে বিরোধ চলছে। তাহের মিয়ার পক্ষের লোকজনের প্রভাবের কারণে আবদুল হান্নানের পক্ষের লোকজন কয়েক মাস ধরে গ্রামছাড়া। বুধবার রাত চারটার দিকে হান্নানের পক্ষ গ্রামে ঢুকতে চাইলে তাহের মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে হান্নানের পক্ষের আবদুল জলিল ও আরও পাঁচজন আহত হন।
শাল্লা থানার ওসি বজলার রহমান দাবি করেন, দুই পক্ষের লোকজন এলাকায় চুরি করে বেড়ায়। এক পক্ষ গ্রামছাড়া ছিল। বুধবার রাতে গ্রামছাড়া পক্ষ গ্রামে ঢুকতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিহত জলিলের বিরুদ্ধে থানায় চুরি-ডাকাতির ছয়টি মামলা রয়েছে।
শাল্লা থানার ওসি বজলার রহমান আরও বলেন, জলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।