শাল্লায় সংঘর্ষে নিহত আরেক ব্যক্তির লাশ উদ্ধার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
নিহত অপর ব্যক্তির নাম ফরিদ মিয়া (৩০)। তিনি শাল্লা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ কামারগাঁওয়ের একটি বিল থেকে উদ্ধারের পর তাঁর লাশ বৃহস্পতিবার রাতেই ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রামটি এলাকায় ‘চোরের’ গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামে আবদুল হান্নান ও তাহের মিয়ার নেতৃত্বে দুটি পক্ষ রয়েছে। তাহের মিয়ার পক্ষের প্রভাবের কারণে আবদুল হান্নানের পক্ষ কয়েক মাস ধরে গ্রামছাড়া। বৃহস্পতিবার ভোররাতে হান্নানের পক্ষ গ্রামে ঢুকতে চাইলে তাহের মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলেই আবদুল হান্নানের পক্ষের আবদুল জলিল (৪৫) নিহত হন।
শাল্লার ওই সংঘর্ষের বিষয়ে গতকাল শুক্রবার প্রথম আলোতে ‘শাল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
সংঘর্ষে নিহত হওয়া আবদুল জলিলের স্ত্রী কল্পনা বেগম গতকাল শুক্রবার বাদী হয়ে শাল্লা থানায় ৩৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এখনো এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ আরও জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কামারগাঁও থেকে তাদের জানানো হয়, সংঘর্ষে আরও এক ব্যক্তি নিহত হয়েছে। তাঁর লাশ গ্রামের পাশের একটি বিলে পড়ে আছে। পরে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ওই লাশটিই ফরিদ মিয়ার। তিনিও হান্নানের পক্ষের লোক।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফরিদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদ সংঘর্ষের সময়েই নিহত হয়েছেন। এ ঘটনায় শাল্লা থানায় মামলা হয়েছে।