শাল্লায় সংঘর্ষে নিহত ১, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত ও ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সজল মিয়া (২৮)। তিনি শ্রীহাইল গ্রামের সেনপাড়ার আবদুল আলমের ছেলে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, শ্রীহাইল গ্রামের ডালিম মিয়া ও জিয়াউর রহমানের মধ্যে জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল। গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে দুই পক্ষ লাঠিসোঁটা, রামদা ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত সজল মিয়াকে (২৮) বিকেল তিনটার দিকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সজল ডালিম মিয়ার পক্ষের লোক ছিলেন। তিনি টেঁটাবিদ্ধ হয়ে মারা গেছেন।
সংঘর্ষে তাঁদের পক্ষের ২০-২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন জিয়াউর রহমানের চাচাতো ভাই মশিউর রহমান। তিনি বলেন, গতকাল দুপুরে ডালিমের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে ডালিম মিয়া বলেন, ‘আমরা নয়, জিয়াউর রহমানের লোকজনই আগে পরিকল্পিতভাবে আমাদের ওপর বল্লম, রামদা নিয়ে হামলা চালায়।’