শাল্লায় সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি হাঁসের খামার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিংকন দাস নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার শাল্লা ইউনিয়নের খেওড়ালা গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। লিংকন দাস উপজেলার বলরামপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খেওড়ালা গ্রামে গোপেন্দ্র দাস ও নারায়ণ দাসের একটি হাঁসের খামার আছে। খামারের হাঁস বিক্রির টাকা নিয়ে গতকাল বিকেলে প্রথমে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে মারামারি শুরু হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গোপেন্দ্র দাসের ছেলে লিংকন দাস আহত হয়। তাঁর চোখে গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিংকনের মৃত্যু হয়।
রাত নয়টার দিকে জানতে চাইলে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশ চেষ্টা করছে।