শাশুড়ি ঋণ পরিশোধ না করায় মেয়ের জামাইকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাশুড়ি ঋণ নিয়ে আর টাকা পরিশোধ করতে পারেননি। টাকা আদায়ে তাই তাঁর মেয়ের জামাইকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মোছলেম উদ্দিন, হেলাল উদ্দিন, নুরুল আবছার, মো. রাসেল ও মো. বাচ্চু। গতকাল বৃহস্পতিবার নগরের অক্সিজেন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ২০১২ সালে বাকলিয়ায় সোনালী সোশ্যাল ডেভেলপমেন্ট নামের একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে দুই দফায় ১৯ হাজার টাকা ঋণ নেন গুলবাহার বেগম। পরে তিনি বাসা পরিবর্তন করে বায়েজিদ এলাকায় মাইজপাড়া কলোনিতে বাস করতে থাকেন। গতকাল ঋণের টাকার জন্য তাঁর কাছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা যান। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে টাকা দিতে পারেননি। পরে তাঁর বাসায় বেড়াতে আসা মেয়ের জামাই আবদুল মজিদকে অটোরিকশায় করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মজিদকে বহনকারী গাড়িটি নগরের অক্সিজেন এলাকায় পুলিশের তল্লাশিচৌকির সামনে পৌঁছানোর পর তিনি চিৎকার দিয়ে ওঠেন। পরে পুলিশ আবদুল মজিদকে উদ্ধার করে এবং পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তিনি বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।