শাশুড়িকে খুনের অভিযোগে পুত্রবধূ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় হাত-পা বেঁধে শাশুড়িকে খুনের অভিযোগে নাইমুদ্দিন নিছা নামের এক পুত্রবধূকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার বরুমচড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বড়বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মহিলা হচ্ছেন ফজলুল হকের স্ত্রী সোহাগ খাতুন (৪৭)। তবে এ ঘটনায় ভিন্ন কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে খেয়েদেয়ে ফজলুল হকের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা সোহাগ খাতুনকে খাটের এঙ্গেলের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় ছটফট করতে দেখে বাঁধন খুলে দিয়ে দেখেন তাঁর গলা দিয়ে রক্ত ঝরছে। প্রতিবেশীরা এ সময় পুত্রবধূ নাইমুদ্দিন নিছাকে (২০) রক্তমাখা ছোরা হাতে দেখে আটকে রাখেন।
এদিকে, সোহাগ খাতুনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রাতেই পুলিশ লাশটির সুরতহাল করে গতকাল বুধবার সকালে থানায় নিয়ে যায়। পুত্রবধূ নাইমুদ্দিন নিছাকে পুলিশ পাহারায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সোহাগ খাতুনের পুত্র ও নাইমুদ্দিন নিছার স্বামী জসিম উদ্দিন (৩৪) প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। বিয়ের পরে সংসারে অশান্তিও ছিল না। মঙ্গলবার রাতে ফোনে শুনি ঘটনার কথা। পাড়াপড়শির মুখ থেকে শুনছি আমার স্ত্রীই নাকি মাকে মেরেছে।’
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গফ্ফার খান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আহত পুত্রবধূকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
তবে, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না আমরা তা খতিয়ে দেখছি।’