শাশুড়িকে গলা কেটে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরের চরাঞ্চলে রশিদা খাতুন নামের এক গৃহবধূ তাঁর শাশুড়িকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রশিদাকে গ্রেপ্তার করেছে। 

নিহত শাশুড়ির নাম ফাতেমা বেওয়া (৭৫)। উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রাম থেকে গতকাল মঙ্গলবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আজ বুধবার লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রশিদার পুত্রবধূ (নিহত ফাতেমার নাত‍-বউ) রুনা খাতুন পুলিশকে জানিয়েছেন, ফাতেমাকে গলা কেটে হত্যা করেছেন রশিদা।
এজাহার ও নিহত ফাতেমার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিষয়াদি নিয়ে শাশুড়ি ফাতেমার সঙ্গে পুত্রবধূ রশিদার বনিবনা ছিল না। গত রোববার খাবার দেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফাতেমা পুত্রবধূ রশিদাকে বকা দেন। গত সোমবার রাতে ফাতেমা ও তাঁর স্বামী আবদুস সামাদ, তাঁদের ছেলের বউ রশিদা এবং তাঁদের নাত-বউ ও রশিদার পুত্রবধূ রুনা খাতুন একই ঘরে ঘুমিয়েছিলেন। মাঝরাতে রশিদা ধারালো বঁটি দিয়ে ঘুমিয়ে থাকা শাশুড়ি ফাতেমার গলা কেটে ফেলেন। তখন ফাতেমার গোঙানি শুনে রুনা ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ঘটনাটি প্রকাশ না করার জন্য রুনাকে ভয় দেখান তাঁর শাশুড়ি রশিদা।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, খাবার দেওয়া নিয়ে প্রায়ই রশিদা তাঁর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করতেন। লাশ উদ্ধারের সময় ওই বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রশিদা ভয় দেখানোর কারণে রুনা প্রথমে কিছু বলতে চাননি। পরে তিনি পুলিশকে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
ওসি সমিত কুণ্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রশিদাকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় নিহত ফাতেমার মেজ ছেলে আবদুর রহিম বাদী হয়ে রশিদাকে আসামি করে হত্যা মামলা করেছেন।