শাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় ইসলামবাগে শাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগে আল ইসলাম জীবন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চকবাজার থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, আয়েশা আক্তার (৬) ও মো. সানি (২) নামে দুই সন্তানকে রেখে জীবনের স্ত্রী মারা যান। এরপর থেকে দুই শিশু তাদের নানি রাশিদা বেগমের সঙ্গে ইসলামবাগে থাকত। পরে জীবন তাঁর সন্তানদের নিজের কাছে নিতে চাইলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত নানির পক্ষেই রায় দেন। এরপরও জীবন তাঁর সন্তানদের নিজের কাছে নিতে চাচ্ছিলেন। ঈদ উপলক্ষে গত ৪ জুলাই বিকেলে জীবন ইসলামবাগে শাশুড়ির বাসায় আসেন। তিনি সন্তানদের খোঁজ নেন। একপর্যায়ে সন্তানদের নিজের সঙ্গে নিয়ে যেতে চাইলে রাশিদা বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জীবন তাঁর ব্যাগে আনা একটি দা দিয়ে রাশিদাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রাশিদার চিৎকার শুনে তাঁর নাতনি সীমা আক্তার ও মেয়ে শ্রাবণী আক্তার এগিয়ে আসেন। জীবন এই দুজনকেও কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই রাশিদা মারা যান। হাসপাতালে নেওয়া হলে শ্রাবণী আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দুই দিন চিকিৎসা নেওয়ার পর সীমা আক্তারের মৃত্যু হয়।

চকবাজার থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বলেন, কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে জীবনকে গ্রেপ্তার করা হয়।