শাস্তি নয়, পুরস্কার ধর্ষণ মামলার আসামির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মী নারী নিরাপত্তাকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি তিনি। আদালতের নির্দেশে চলছে মামলার তদন্তকাজ। এ অবস্থায় সাধারণ নিরাপত্তাকর্মীর দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে তাঁকে। তাঁর দায়িত্ব এখন মর্যাদাপূর্ণ ‘ভিআইপি লাউঞ্জে’।
ঘটনাটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের। পুরস্কৃত নিরাপত্তাকর্মী হলেন বিমানবন্দরের সশস্ত্র নিরাপত্তাকর্মী ইব্রাহিম খলিলুল্লাহ। ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করতে এভাবে তাঁকে পুরস্কৃত করে একধরনের কৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বিমানবন্দর সূত্র জানায়, কর্তব্য পালনকালে ব্যক্তিগত জীবন ও চলাফেরার ক্ষেত্রে কোনো অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে কর্মীকে অপসারণ করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নিরাপত্তাকর্মীদের চাকরিবিধিতে। অথচ ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে মামলা হওয়ার পরও এই বিধি অনুসরণ করা হয়নি। অভিযোগ উঠেছে, বিমানবন্দরের পদস্থ কিছু কর্মকর্তার নির্দেশেই হয়েছে এই বিধি ভঙ্গের ঘটনা।
ধর্ষণ মামলা দায়েরকারী নারীও বিমানবন্দরের সশস্ত্র নিরাপত্তাকর্মী। দুই সন্তান নিয়ে বসবাস করেন বিমানবন্দরের স্টাফ কোয়ার্টারে। তাঁর অভিযোগ, ধর্ষণের ঘটনাটি ঘটে স্টাফ কোয়ার্টারেই গত বছরের ৮ ডিসেম্বর। প্রথমেই তিনি বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু প্রায় দুই মাস পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি করেন।
গত শনিবার প্রথম আলোকে ওই নারী আরও অভিযোগ করেন, পুলিশ মামলাটি তদন্ত শুরু করতেই বিমানবন্দরের পদস্থ কিছু কর্মকর্তার রোষানলে পড়েন তিনি। মামলা করে বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে ভর্ৎসনা শুনতে হয়। এরই মধ্যে মার্চ থেকে ইব্রাহিমকে ‘সাধারণ’ নিরাপত্তার দায়িত্ব থেকে ভিআইপি লাউঞ্জের দায়িত্বে দেওয়া হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের নির্দেশেই ইব্রাহিম এই দায়িত্ব পালন করছেন।
গত রোববার খোঁজ নিতে বিমানবন্দরে গেলে ভিআইপি লাউঞ্জে ইব্রাহিমের নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালনের বিষয়টি বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তবে প্রায় এক সপ্তাহ ধরে ইব্রাহিম ছুটিতে রয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিমানবন্দরের ব্যবস্থাপকের দপ্তরে থাকা নিরাপত্তাকর্মীদের দৈনিক হাজিরা খাতায় ইব্রাহিমের দায়িত্ব পালনের সর্বশেষ সই রয়েছে ৪ মার্চ পর্যন্ত। এর পর থেকে হাজিরা খাতায় অনুপস্থিত লেখা থাকলেও ১১ থেকে ১৩ মার্চ ইব্রাহিমের নামের পাশে ‘এ’ (অনুপস্থিতির চিহ্ন) লেখা ফ্লুইড দিয়ে মুছে ইব্রাহিমের সই রয়েছে।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ বলে এড়িয়ে যান। একপর্যায়ে বলেন, ‘একজনের বিরুদ্ধে মামলা হলেই সে দায়ী হয়ে যায় না। আদালতে বিচার শেষে তাকে (ইব্রাহিম) দায়ী সাব্যস্ত করলেই সে দায়ী। আমরা তার স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত নেবে, তা-ই হবে।’
বিমানবন্দরের স্টাফ কোয়ার্টারে গেলে ইব্রাহিমের বোন পরিচয় দেওয়া একজন নারী বলেন, মামলার বিষয়ে তাঁরা অবহিত নন। ইব্রাহিম অসুস্থ হওয়ায় ছুটি নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় গেছেন।
ইব্রাহিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। এদিকে মামলা প্রত্যাহার করতে ইব্রাহিম নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বাদী। এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিকার না পেয়ে ২৩ মার্চ বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছেন তিনি।
মামলাটি তদন্ত করছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম। জিডির বিষয়টি তিনি নিশ্চিত করেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘তদন্ত চলছে। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।