শাস্তি পেল শুধু কমিউনিটি পুলিশ
শেরপুরের নালিতাবাড়ী শহরে চারটি দোকানে গত বুধবার রাতে চুরি হয়েছে। ওই রাতে বাজারে থানার পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশও টহল দিচ্ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার দায়িত্বে অবহেলার অভিযোগে শুধু কমিউনিটি পুলিশের দুই সদস্যকে শাস্তি দিয়েছে পুলিশ।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, গতকাল শেষ রাতে চোরেরা পৌর শহরের তারাগঞ্জ বাজারের সুমন এন্টারপ্রাইজ, গোপাল গার্মেন্টস, আলম ট্রেডার্স ও আয়ান সারাহ ফ্যাশন হাউসের দোকানের তালা ও শাটার ভেঙে ভেতরে ঢোকে। তারা দোকানগুলো থেকে নগদ ৫২ হাজার টাকা, এক লাখ সাত হাজার টাকার মুঠোফোনের রিচার্জ কার্ড ও তিনটি মুঠোফোন নিয়ে যায়। কমিউনিটি পুলিশ ও স্থানীয় থানার পুলিশ টহলে থাকার পরও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বেলা দুইটায় দায়িত্বে অবহেলার অভিযোগে মাথায় ইট বেঁধে কমিউনিটি পুলিশের সদস্য রেফাজ উদ্দিন ও রথীন্দ্র চন্দ্র সরকারকে তারাগঞ্জ দক্ষিণবাজার থেকে উত্তর বাজার পর্যন্ত ঘোরান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক।
নাম প্রকাশ না করে কমিউনিটি পুলিশের কার্যকরী কমিটির এক সদস্য জানান, দায়িত্ব পুলিশেরও ছিল। কিন্তু তাদের কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি।
ওসি এ কে এম আমিনুল হক বলেন, ‘এটা প্যারেড, কাজের অবহেলার জন্য কমিউনিটি পুলিশদের মাথায় ইট নিয়ে বাজারে প্যারেড করানো হয়েছে।’ টহলে থাকা পুলিশদের ব্যাপারে কী ব্যবস্থা নেবেন জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।